অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার পরপরই জরুরি বৈঠকে বসছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৭টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
তিনি জানান, বিএনপির স্থায়ী কমিটির এই বৈঠক ভার্চুয়ালভাবে অনুষ্ঠিত হবে এবং এতে সভাপতিত্ব করবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে প্রধান উপদেষ্টার ঘোষিত জুলাই জাতীয় সনদ-২০২৫ বাস্তবায়ন প্রক্রিয়া ও গণভোটের সময়সূচি নিয়ে বিস্তারিত আলোচনা হবে।
এর আগে দুপুরে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ড. মুহাম্মদ ইউনূস ঘোষণা দেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের বিষয়ে গণভোট আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনই অনুষ্ঠিত হবে। তিনি আরও জানান, গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সংখ্যাগরিষ্ঠতা থাকলে রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত ভোটের ভিত্তিতে ১০০ আসনের উচ্চকক্ষ গঠিত হবে।
প্রধান উপদেষ্টার ভাষণ নিয়ে দলের আনুষ্ঠানিক অবস্থান জানাতে অপেক্ষা করছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “সন্ধ্যায় আমাদের স্থায়ী কমিটির বৈঠক শেষে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে।”
বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য নাম প্রকাশ না করে জানান, নির্বাচনের দিনই গণভোট আয়োজনের বিষয়টি দল ইতিবাচকভাবে দেখছে। তবে ভাষণে প্রস্তাবিত উচ্চকক্ষ গঠন ও ১৮০ দিনের মধ্যে সংস্কার সম্পন্ন করার অংশগুলো নিয়ে বিস্তারিত আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে।
কীওয়ার্ডস:বিএনপি বৈঠক, প্রধান উপদেষ্টার ভাষণ, জুলাই সনদ