মঙ্গলবার, ডিসেম্বর ১৬, ২০২৫

ভিয়েতনামে সড়ক দুর্ঘটনায় রাজবাড়ীর যুবকের মৃত্যু,শোকে স্তব্ধ গ্রাম

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৫-১১-০৭ ২২:৩১:৪৫
ছবি: সংগৃহীত।

উন্নত জীবনের আশায় ভিয়েতনামে পাড়ি দিয়েছিলেন রাজবাড়ীর তরুণ পারভেজ মণ্ডল (২১)। কিন্তু প্রবাসের মাটিতে স্বপ্ন নয়, ঘিরে ধরল চিরবিদায়ের অন্ধকার। কর্মস্থলে যাওয়ার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান এই পরিশ্রমী তরুণ।
নিহত পারভেজ রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের মদাপুর গ্রামের কিয়ামুদ্দিন মণ্ডলের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে মোটরসাইকেলযোগে কাজে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয় পুলিশ পারভেজের কর্মস্থলের ইউনিফর্ম দেখে তার পরিচয় শনাক্ত করে।
পারভেজের মৃত্যুর খবর দেশে পৌঁছালে শোকে ভেঙে পড়ে তার পরিবার। ছোট্ট গ্রামজুড়ে শুরু হয় কান্নার রোল-শোকের মাতমে স্তব্ধ হয়ে যায় পুরো এলাকা।
স্থানীয় প্রবাসী সাকিব মিয়া জানান, “পারভেজ আমাদের গ্রামের ছেলে ছিল, খুব পরিশ্রমী। প্রতিদিন সকালে কাজে যেত মোটরসাইকেলে, কিন্তু আজ সেই পথই তার শেষ যাত্রা হয়ে গেল।”
পারভেজের বাবা কিয়ামুদ্দিন মণ্ডল কাঁদতে কাঁদতে বলেন, “ছেলেকে বিদেশে পাঠাতে অনেক দেনা করেছি। এখন ছেলেই আর নেই, দেনা শোধ করব কীভাবে? লাশটা দেশে আনব কোন টাকায়?”
মা হাসি বেগম চোখ মুছতে মুছতে বলেন, “ও বলত, আম্মু আমি কামাই করে ফিরব, তোমার চিকিৎসার ব্যবস্থা করব। কিন্তু সে তো আর ফিরল না।”
কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহুয়া আফরোজ জানান, “মরদেহ দেশে আনার বিষয়ে পরিবারের পক্ষ থেকে আবেদন পেলে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করব।”
প্রবাসে স্বপ্নের পেছনে ছুটে গিয়ে জীবনের সবকিছু হারিয়ে ফেলা এই তরুণের মৃত্যু আবারও মনে করিয়ে দেয়-ভাগ্য বদলের পথ কখনো কখনো কত নির্মম হতে পারে।

কীওয়ার্ডস:ভিয়েতনাম দুর্ঘটনা, প্রবাসী মৃত্যু, রাজবাড়ী যুবক


এ জাতীয় আরো খবর