জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের সাংবিধানিক আদেশ জারি করতে হবে এবং সেই দায়িত্ব নিতে হবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে।
রোববার (২ নভেম্বর) বিকেলে বরিশাল শিল্পকলা একাডেমিতে এনসিপির জেলা ও মহানগর সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
হাসনাত আব্দুল্লাহ বলেন, “আমরা একটি কাঠামোগত ও গুণগত রূপান্তরের মধ্য দিয়ে গ্রহণযোগ্য গণতান্ত্রিক নির্বাচনের দিকে যেতে চাই। এজন্য রাজনৈতিক দলগুলোকেই বড় দায়িত্ব নিতে হবে।”
তিনি আরও জানান, ৩০০ আসনেই সাংগঠনিক সক্ষমতা বাড়াতে এনসিপি সক্রিয়ভাবে কাজ করছে, যাতে আসন্ন নির্বাচনে দলীয় উপস্থিতি আরও শক্তিশালী হয়।
সভায় এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, “জুলাই সনদ বাস্তবায়ন কেবল রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, এটি জনগণের অধিকারের প্রতিফলন। প্রধান উপদেষ্টার নেতৃত্বে এই প্রক্রিয়া সম্পন্ন হলে দেশ গণতন্ত্রের নতুন অধ্যায়ে প্রবেশ করবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম শাহিন। সভায় সভাপতিত্ব করেন বরিশাল জেলার প্রধান সমন্বয়কারী আবু সাঈদ মুসা।
কীওয়ার্ডস:এনসিপি, জুলাই সনদ, গণভোট