জানালা খুলে রাখি একটু আলোর জন্য,
বদ্ধ ঘরে থাকতে থাকতে মনেও অন্ধকার ঘিরে থাকে ,
ফুটপাতে ওরা যেমন একটু রোদ্দুরের প্রত্যাশায় দিন কাটায় ----
আমিও স্যাঁতস্যেঁতে ঘরে অপেক্ষায় থাকি
কখনো রোদ্দুর হাসবে,কখনো প্রিয় মানুষের মুখ দেখবো
অথবা যে আমাকে ছেড়ে গেছে।
একটু উষ্ণতার জন্য অপেক্ষা করতে করতে
আজ আমি বড়ো ক্লান্ত হয়ে পড়েছি ---
চেনা মুখগুলো কেমন অচেনা হয়ে গেছে,
আমার কোনো মূল্য নেই
অথচ অফিসের বড়ো কর্তা, বেহিসেবি কেনাকাটা
ছুটি পেলেই পরিবারের সাথে ঘোরাঘুরি,
সবার আবদার আহ্লাদ পূরণ করা কত কী !
কী কদর বাড়ির ছোট ছেলের !
দুর্ঘটনা তো বলে আসে না,
শরীরের একটা পাশ বিছানায় পড়ে গেল
সোনালি দিনগুলো ছেয়ে গেল আঁধারে।
মা-বাবা,তো সেই কবে চলে গেছেন আপন ঠিকানায় ,
যাদের নিয়ে আনন্দে আপ্লুত ছিলাম
একে একে সবাই সরে গেল,
আমি পড়ে আছি আমার নিঃসঙ্গতা নিয়ে।
জানালাটা খুলে দেখি আমার অতীত
ডানাভাঙা ফড়িঙের মতো বেহাল পড়ে আছে
স্মৃতিরা ক্ষিপ্ত উন্মাদের মতো ছুটোছুটি করছে
চোখের কোণ শিরশির করে ওঠে --- আর আমি !
অনুভব করছি নোনাজলের ঈষৎ উষ্ণতার স্বাদ।