মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬

নিউইয়র্কে খাদ্য সহায়তা বন্ধের আশঙ্কায় জরুরি অবস্থা,আদালতের নির্দেশে যুক্তরাষ্ট্রে কার্যক্রম চালু থাক

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৫-১১-০২ ০৯:০৭:১৫

যুক্তরাষ্ট্রে চলমান শাটডাউনের প্রভাবে খাদ্য সহায়তা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় নিউইয়র্ক অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছেন গভর্নর ক্যাথি হোকুল। শনিবার থেকে এই সহায়তা বন্ধ হওয়ার সম্ভাবনা দেখা দেওয়ায় তিনি জরুরি খাদ্য কার্যক্রম চালাতে ৬ কোটি ৫০ লাখ ডলার তহবিল বরাদ্দের ঘোষণা দেন।
মার্কিন গণমাধ্যম আইউইটনেস নিউজ জানায়, গভর্নর হোকুল খাদ্য সংকট মোকাবিলায় ফুড ব্যাংকগুলোতে অতিরিক্ত সহযোগিতা দিতে স্বেচ্ছাসেবক দল নিয়োগের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে তিনি ঘোষণা দেন, জরুরি অবস্থায় নিউইয়র্কের সব স্কুলে শিক্ষার্থীদের সকাল ও দুপুরের খাবার সরবরাহ করা হবে।
তিনি বলেন, “প্রায় ৩০ লাখ নিউইয়র্কারের খাদ্য সহায়তা বন্ধ হয়ে গেলে রাজ্যজুড়ে কৃষক, ব্যবসায়ী ও সাধারণ পরিবার সবাই ক্ষতিগ্রস্ত হবে। ওয়াশিংটনের রাজনৈতিক সিদ্ধান্তে মানুষ না খেয়ে থাকতে পারে-এটা আমি হতে দেব না।”
এদিকে, যুক্তরাষ্ট্রজুড়ে খাদ্য সহায়তা বন্ধের বিষয়ে আদালত গুরুত্বপূর্ণ রায় দিয়েছে। রোড আইল্যান্ড ও ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বিচারকরা শুক্রবার রায় দেন-ফেডারেল শাটডাউনের কারণ দেখিয়ে খাদ্য সহায়তা স্থগিত করা যাবে না। এর ফলে প্রায় চার কোটির বেশি মানুষ ‘সাপ্লিমেন্টাল নিউট্রিশন অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম’ (স্ন্যাপ) সুবিধা পেতে থাকবে।
তবে মার্কিন কৃষি বিভাগ সতর্ক করেছে, ফেডারেল তহবিল ফুরিয়ে যাওয়ায় নভেম্বর মাসে সহায়তা বিতরণ ব্যাহত হতে পারে। কিছু অঙ্গরাজ্য নিজেদের অর্থে এই সহায়তা চালু রাখার আশ্বাস দিয়েছে, যদিও ফেডারেল সরকার জানিয়েছে, সেই অর্থ ফেরত দেওয়া হবে না।
ম্যাসাচুসেটসের বিচারক ইন্দিরা তালওয়ানি মন্তব্য করেন, “স্ন্যাপের অর্থায়ন বন্ধ করা আইনবিরুদ্ধ। কংগ্রেস এর জন্য জরুরি তহবিল ব্যবহারের অনুমতি দিয়েছে।” আদালত প্রশাসনকে সোমবারের মধ্যে পূর্ণ বা আংশিক সহায়তার ব্যবস্থা জানাতে নির্দেশ দিয়েছে।

কীওয়ার্ডস: নিউইয়র্ক শাটডাউন, খাদ্য সহায়তা, আদালতের রায়


এ জাতীয় আরো খবর