রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

টিয়াংগং স্পেস স্টেশনে পৌঁছাল শেনঝৌ-২১, চীনের ইতিহাসে সবচেয়ে কমবয়সী নভোচারী উ ফেই

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৫-১১-০১ ১৭:৩৪:৪৫
ছবি: সংগৃহীত।

চীনের মহাকাশ অভিযানে নতুন অধ্যায় রচনা হলো শনিবার সকালে। শেনঝৌ-২১ মহাকাশযানে করে তিন নভোচারী ও চারটি গবেষণামূলক ইঁদুর সফলভাবে টিয়াংগং স্পেস স্টেশনে পৌঁছেছেন।
রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, উত্তর-পশ্চিম চীনের জিয়ুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে লং মার্চ-২এফ রকেটে উৎক্ষেপণের মাত্র সাড়ে তিন ঘণ্টা পরেই মহাকাশযানটি টিয়াংগং স্টেশনের সঙ্গে সংযুক্ত হয়।
মিশনে রয়েছেন কমান্ডার ঝাং লু, ফ্লাইট ইঞ্জিনিয়ার উ ফেই এবং পে-লোড স্পেশালিস্ট ঝাং হংঝাং। তারা ছয় মাস স্টেশনে অবস্থান করে বৈজ্ঞানিক পরীক্ষা ও রক্ষণাবেক্ষণের কাজ করবেন। মাত্র ৩২ বছর বয়সী উ ফেই চীনের মহাকাশ ইতিহাসে সবচেয়ে কমবয়সী নভোচারী হিসেবে নাম লিখিয়েছেন।
এই মিশনে প্রথমবারের মতো চীন মহাকাশে ইঁদুর নিয়ে গেছে-দুটি পুরুষ ও দুটি নারী। মাইক্রোগ্র্যাভিটির প্রভাব প্রাণীর জীববিজ্ঞানে কীভাবে প্রভাব ফেলে তা বোঝার লক্ষ্যে এসব পরীক্ষা পরিচালিত হবে।
চীনের টিয়াংগং স্পেস স্টেশন বর্তমানে তাদের বিলিয়ন ডলারের মহাকাশ কর্মসূচির কেন্দ্রবিন্দু। প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ‘স্পেস ড্রিম’ বাস্তবায়নের অংশ হিসেবে দেশটি ২০৩০ সালের মধ্যে চাঁদে নভোচারী পাঠানো এবং ভবিষ্যতে সেখানে একটি লুনার বেস স্থাপনের পরিকল্পনা করছে।

কীওয়ার্ডস: চীন মহাকাশ, টিয়াংগং স্টেশন, শেনঝৌ-২১


এ জাতীয় আরো খবর