রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

তাইওয়ান পুনরুদ্ধার দিবস ঘোষণা করল চীন

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৫-১০-৩১ ০০:৪৬:২৯
ছবি: সংগৃহীত।

চীন ২৫ অক্টোবরকে ‘তাইওয়ান পুনরুদ্ধার দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে। জাপানি শাসন থেকে তাইওয়ান মুক্তির ৮০ বছর পূর্তি উপলক্ষে দেশটির চতুর্দশ জাতীয় গণ-কংগ্রেসের স্থায়ী কমিটির ১৮তম অধিবেশনে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
চীনা গণ-কংগ্রেসের ঘোষণায় বলা হয়েছে, ১৯৪৫ সালে তাইওয়ানবাসীসহ সব চীনা জনগণ জাপানি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধে বিজয় অর্জন করে। এই ঐতিহাসিক বিজয়ের মাধ্যমেই তাইওয়ান জাপানের দখল থেকে মুক্ত হয়ে পুনরায় মাতৃভূমির সঙ্গে যুক্ত হয়।
বেইজিংয়ের মতে, তাইওয়ানের মুক্তি ছিল জাপানি আগ্রাসনের বিরুদ্ধে চীনা জাতির আত্মত্যাগ ও ঐক্যের প্রতীক। বিশ্লেষকরা বলছেন, এই দিবস ঘোষণা মূলত চীনের “এক চীন নীতি”র প্রতি দৃঢ় অবস্থান পুনর্ব্যক্তের অংশ।
চীনের দাবি, তাইওয়ান প্রাচীনকাল থেকেই তাদের ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ। গৃহযুদ্ধ ও বহিরাগত হস্তক্ষেপের কারণে ১৯৪৯ সালের পর দুই পক্ষের মধ্যে রাজনৈতিক বিভাজন তৈরি হলেও, সার্বভৌমত্ব ও ভূখণ্ডের ঐক্য কখনও ভাঙেনি বলে দাবি করছে বেইজিং।
১৯৭১ সালে জাতিসংঘ গণপ্রজাতন্ত্রী চীনকে (বেইজিং) চীনের একমাত্র বৈধ প্রতিনিধি হিসেবে স্বীকৃতি দেয়। চীনের সংবিধানেও উল্লেখ আছে, “জাতীয় পুনর্মিলন রাষ্ট্রের মৌলিক কর্তব্য।”

কীওয়ার্ডস:চীন, তাইওয়ান, এক চীন নীতি


এ জাতীয় আরো খবর