বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

গাজায় ‘হলুদ লাইন’ বাস্তবতার প্রতীক: অস্থায়ী যুদ্ধবিরতি এখন নতুন বিভাজনের নাম

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৫-১০-২৮ ১৯:২৮:৫২
ছবি: সংগৃহীত।

ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতির পর গড়ে ওঠা তথাকথিত “হলুদ লাইন” এখন ক্রমেই বাস্তব সীমানায় রূপ নিচ্ছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এই রেখা বরাবর প্রতি ২০০ মিটার অন্তর কংক্রিটের ছোট ছোট পিলার বসাচ্ছে, যা তাদের নিয়ন্ত্রণাধীন অঞ্চল নির্ধারণের প্রতীক হিসেবে ব্যবহৃত হচ্ছে। ফলে গাজা কার্যত দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে-পশ্চিমে হামাসের প্রভাবিত এলাকা, আর পূর্বে ইসরায়েলি নিয়ন্ত্রিত অঞ্চল।
যুদ্ধবিরতির নামে প্রতিষ্ঠিত এই সীমারেখা নিয়ে স্থানীয়রা উদ্বেগ ও হতাশা প্রকাশ করেছেন। পশ্চিমাঞ্চলের বাসিন্দা খালেদ আল-হুসাইন বলেন, “আমরা জানিই না এই হলুদ লাইন কোথা থেকে শুরু, কোথায় শেষ। ঘরের কাছাকাছি গেলেই গুলি শুরু হয়। ড্রোন মাথার ওপর ঘোরে সারাক্ষণ। যুদ্ধ শেষ হলেও আমরা শান্তি পাইনি।”
রোববার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক মন্ত্রিসভার বৈঠকে ঘোষণা দেন, “গাজার নিরাপত্তা ইসরায়েলের হাতে থাকবে। কোথায়, কাকে আঘাত করা হবে-তা নির্ধারণ করবে ইসরায়েল নিজেই। আমরা সার্বভৌম রাষ্ট্র, নিরাপত্তা রক্ষায় কাউকে অনুমতি নিতে হবে না।” তার বক্তব্যের পরই প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ আইডিএফকে “হলুদ লাইনে গুলি চালানোর অনুমতি” দেন।
১৯ অক্টোবর রাফাহ শহরে এক হামলায় দুই ইসরায়েলি সেনা নিহত হওয়ার পর থেকে এ নির্দেশ কার্যকর হয়। ফলস্বরূপ, যুদ্ধবিরতির দুই সপ্তাহ পরেও গড়ে প্রতিদিন ২০ জনের বেশি ফিলিস্তিনি প্রাণ হারাচ্ছেন-অধিকাংশই এই সীমারেখার আশপাশে।
মার্কিন মধ্যস্থতায় ১০ অক্টোবর কার্যকর হওয়া যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী, আইডিএফের দখলে থাকার কথা গাজার ৫৩ শতাংশ এলাকা। তবে বিবিসির স্যাটেলাইট বিশ্লেষণে দেখা গেছে, নতুন চিহ্নগুলো ঘোষিত সীমার ভেতরেই নয়, বরং কয়েকশ মিটার আরও গভীরে বসানো হয়েছে-যা নতুন ভূমি দখলের ইঙ্গিত দেয়।
ইসরায়েলি দৈনিক ইয়েদিওথ আহরোনথ–এর প্রতিবেদনে সামরিক সাংবাদিক ইয়োয়াভ জিতুন লিখেছেন, “এই হলুদ লাইন একসময় উঁচু প্রাচীরে পরিণত হবে, যা গাজাকে আরও ছোট করবে এবং নতুন ইসরায়েলি বসতির জন্য জায়গা তৈরি করবে।”
মানবাধিকার সংস্থা রিফিউজিস ইন্টারন্যাশনাল–এর প্রেসিডেন্ট জেরেমি কোনিনডাইক বলেন, “এটা আসলে ধীরে ধীরে গাজা দখলের প্রক্রিয়া। যুদ্ধবিরতি নয়, এটি স্থায়ী বিভাজনের সূচনা।”
অন্যদিকে, হামাস এখন পশ্চিমাংশে নিজেদের কর্তৃত্ব পুনরুদ্ধারে ব্যস্ত। সেখানে প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে দমন অভিযান চালানো হচ্ছে। ফলে গাজা এখন কেবল ভৌগোলিকভাবে নয়, রাজনৈতিকভাবেও বিভক্ত হয়ে পড়েছে।
৫৮ বছর বয়সী আয়মান আবু মানদিল, যিনি আল-কারারার পূর্বাঞ্চলে বাস করতেন, জানান, “ইসরায়েলি সেনারা সেখানে ট্যাংক, ক্রেন, ওয়াচটাওয়ার বসিয়েছে। কেউ কাছে গেলেই গুলি চালায়। আমরা ওই হলুদ চিহ্ন চোখে দেখিনি-কারণ দেখার সুযোগই নেই।”
মানবিক সংস্থাগুলো বলছে, এ পরিস্থিতিতে প্রায় ২১ লাখ ফিলিস্তিনির অর্ধেক এখনো নিজ ঘরে ফিরতে পারছেন না। পুনর্গঠনের আশা ক্রমেই ক্ষীণ হয়ে যাচ্ছে। “ট্রাম্প শান্তি পরিকল্পনা” নামে যুদ্ধবিরতির যে ২০ দফা কাঠামো ছিল, তাতে কোনো নির্দিষ্ট সময়সীমা বা ধাপ উল্লেখ না থাকায় আজকের এই অচলাবস্থা তৈরি হয়েছে।
মেডিকেল এইড ফর প্যালেস্টাইনস–এর নীতিনির্ধারক রোহান ট্যালবট বলেন, “এ যুদ্ধবিরতি অবিশ্বাস্যভাবে অস্পষ্ট। সবাই এখন নিজেদের স্বার্থে একে ব্যাখ্যা করছে। ইতিহাস বলছে-ফিলিস্তিনি ভূখণ্ডে প্রতিটি অস্থায়ী ব্যবস্থা শেষ পর্যন্ত স্থায়ী হয়ে যায়।”
এই বাস্তবতায় গাজার মানুষ এখন এক অজানা অনিশ্চয়তার মধ্যে দিন পার করছে। যুদ্ধবিরতির আশার যে আলো জ্বলেছিল, তা ক্রমে ম্লান হয়ে যাচ্ছে, আর হলুদ লাইনটি হয়ে উঠছে এক নতুন বাস্তব সীমান্তের প্রতীক।

কীওয়ার্ডস:
গাজা, ইসরায়েল, যুদ্ধবিরতি


এ জাতীয় আরো খবর