হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী শ্যামাপূজা ও শুভ দীপাবলি সোমবার (২০ অক্টোবর) । দুষ্টের দমন ও শিষ্টের পালন-এই বিশ্বাস থেকেই ভক্তরা মা কালী বা দেবী শ্যামার আরাধনা করেন। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে সারা দেশের মন্দির ও ঘরে ঘরে দেবী শ্যামার পুজার আয়োজন চলছে, আর সন্ধ্যা নামতেই আলোকসজ্জায় ঝলমল করবে পুরো দেশ।
ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে মহানগর সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে কেন্দ্রীয়ভাবে শ্যামাপূজা অনুষ্ঠিত হবে। সোমবার সন্ধ্যা ৬টায় সহস্র প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শুরু হবে দীপাবলি, আর রাতে হবে মূল পূজা, অঞ্জলি ও আরতি। এ ছাড়াও রাজধানীর শাঁখারীবাজার, সূত্রাপুর, রমনা কালীমন্দির, গোপীবাগের রামকৃষ্ণ মিশনসহ বিভিন্ন মন্দিরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এবং মহানগর সার্বজনীন পূজা কমিটির নেতারা দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন, দেবী শ্যামা শান্তি, সম্প্রীতি ও মানবকল্যাণের প্রতীক। তাঁরা আশা প্রকাশ করেন, এই দীপাবলি অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির জয়ের বার্তা বয়ে আনবে।
দেবী কালী ভক্তদের কাছে শ্যামা, আদ্য মা, তারা মা, চামুণ্ডি, ভদ্রকালীসহ নানা নামে পূজিত হন। তান্ত্রিক পদ্ধতিতে মধ্যরাতে পূজা অনুষ্ঠিত হয়, আর ঘরোয়া পরিবেশে ভক্তরা ব্রাহ্মণ্যমতে দেবী আরাধনা করেন। মৃত স্বজনদের স্মরণে প্রদীপ জ্বালিয়ে পানিতে ভাসানো হয়, যা দীপাবলির অন্যতম প্রতীকী আচার।
কীওয়ার্ডস:
শ্যামাপূজা ২০২৫, দীপাবলি বাংলাদেশ, কালীপূজা উৎসব