মির্জাপুর(টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের মির্জাপুরের এক স্বর্ণের দোকানে চুরির ঘটনা ঘটেছে। চোরের দল রাতের আঁধারে দোকানের শাটারের লক ও কলাপসিবল গেট কেটে ৪৫ ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে।
শনিবার (২৬ আগস্ট) গভীর রাতে মির্জাপুর বাজারের কালিবাড়ি রোডের মহামায়া মার্কেটের শায়মা জুয়েলারিতে এ চুরির ঘটনা ঘটে।
এদিকে এ দুঃসাহসিক চুরির খবর এলাকায় জানাজানি হলে বাজারের সাধারণ ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
খবর পেয়ে আজ রবিবার (২৭ আগস্ট) দুপুরে টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শরফুউদ্দিন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (মির্জাপুর সার্কেল) এস এম মনসুর মোসা, বণিক সমিতির সভাপতি গোলাম ফারুক সিদ্দিকী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
দোকান মালিক দুলাল মিয়া জানান, প্রতিদিনের মত শুক্রবার রাতেও দোকার বন্ধ করে তিনি বাড়ি চলে যান। গতকাল শনিবার ছিল সাপ্তাহিক ছুটির দিন। আজ রবিবার সকালে মার্কেটের অন্য দোকানিরা তাদের দোকান খুলতে গিয়ে ওই দোকানের কলাপসিবল গেট কাটা দেখতে পান। তাকে খবর দিলে দোকানে এসে চুরির বিষয়টি নিশ্চিত হন। চোরের দল দোকানে ঢুকে সোকেসে সাজানো ৪৫ ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে। দোকানের ভেতরের তিনটি সিসিটিভি ক্যামেরা কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে। তবে সিসিটিভি ক্যামেরায় দেখা যায় মাস্ক পড়া একজন লোক দোকানের ভেতরে প্রবেশ করেছে এবং অপরজন বাইরে দাঁড়িয়ে আছে।
এ ঘটনায় সায়মা জুয়েলারির মালিক মোহাম্মদ দুলাল মিয়া রবিবার মির্জাপুর থানায় একটি লিখিত অভিযোগ করেন।
এ বিষয়ে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম বলেন, দোকান মালিক লিখিত অভিযোগ করেছেন। ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ শুরু করেছে।