বুধবার, জুলাই ২৯, ২০২৬

ত্রয়োদশ নির্বাচনেই নির্ধারিত হবে দেশের ভবিষ্যৎ: মির্জা ফখরুল

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৫-১০-১৪ ২০:২৯:০৫
ছবি: সংগৃহীত।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন দেশের রাজনীতি ও অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনই নির্ধারণ করবে বাংলাদেশের ভবিষ্যৎ কোন পথে যাবে। তিনি বলেন, দীর্ঘ ১৬ বছর ধরে বিএনপি নেতাকর্মীরা নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছেন, যা দেশের রাজনৈতিক ইতিহাসে নজিরবিহীন।
মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে ঠাকুরগাঁও জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সদর উপজেলা ও রুহিয়া থানা বিএনপির বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের সময়ে বিএনপির প্রায় ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। এর মধ্যে ২০ হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে এবং তিনজন এমপিসহ প্রায় ১ হাজার ৭০০ নেতাকর্মী এখনো গুম রয়েছেন।
তিনি বলেন, “এখন অন্তত বিএনপি নেতাকর্মীরা রাতে কিছুটা হলেও শান্তিতে ঘুমাতে পারছেন। দীর্ঘদিন কারাভোগের পর অনেকেই মুক্ত হয়েছেন।” তিনি এসময় আইনজীবীদের ধন্যবাদ জানান বিএনপি নেতাকর্মীদের পাশে থাকার জন্য।
গণভোট প্রসঙ্গে মির্জা ফখরুল জানান, বিএনপি জাতীয় ঐকমত্য কমিশনের কাছে প্রস্তাব দিয়েছে যাতে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজন করা হয়।
ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক পয়গাম আলী, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরীফ, সদর বিএনপির সভাপতি আব্দুল হামিদ ও রুহিয়া থানা বিএনপির সভাপতি আব্দুল জব্বারসহ স্থানীয় নেতারা।

কীওয়ার্ডস:
ত্রয়োদশ জাতীয় নির্বাচন, মির্জা ফখরুল, বিএনপি


এ জাতীয় আরো খবর