জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ সতর্ক করে বলেছেন, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত না হলে পুরো মধ্যপ্রাচ্য অস্থিরতা ও ধ্বংসের পথে এগিয়ে যাবে।
বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, গাজায় যুদ্ধবিরতি হলেও যদি রাজনৈতিক সমাধানের কোনো সুস্পষ্ট রূপরেখা না তৈরি হয়, তাহলে নতুন করে সংঘাতের ঝুঁকি তৈরি হবে।
রাজা আবদুল্লাহ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বের সমালোচনা করে বলেন, তার বক্তব্য ও কর্মকাণ্ডের ওপর ভরসা করা যায় না। তবে ইসরায়েলে এমন অনেক নাগরিক আছেন যাদের সঙ্গে আরব দেশগুলো পারস্পরিক শান্তি ও সহযোগিতার জন্য কাজ করতে পারে।
তিনি আরও বলেন, গাজা যুদ্ধবিরতি চুক্তির সবচেয়ে জটিল বিষয়গুলো এখনো আলোচনার টেবিলে রয়েছে। এজন্য যুক্তরাষ্ট্রসহ বিশ্বশক্তিগুলোকে দীর্ঘমেয়াদে এই প্রক্রিয়ায় সক্রিয়ভাবে সম্পৃক্ত থাকতে হবে।
রাজা দ্বিতীয় আবদুল্লাহ স্মরণ করিয়ে দেন, শত বছরের সংগ্রামের মধ্য দিয়ে ফিলিস্তিনি জনগণ স্বাধীন রাষ্ট্রের স্বপ্ন বুকে ধারণ করেছে। ২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলি আগ্রাসনের পর আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অনেক দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পর মধ্যপ্রাচ্যে কূটনৈতিক তৎপরতা নতুন গতি পায়।
সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় প্রস্তাবিত ২০ দফা শান্তিচুক্তিতে ইসরায়েল ও ফিলিস্তিন উভয় পক্ষই সম্মতি জানায়। গত ১০ অক্টোবর থেকে গাজায় কার্যকর হওয়া যুদ্ধবিরতির ফলে এখন পর্যন্ত বড় কোনো সংঘাত ছাড়াই বন্দিবিনিময় প্রক্রিয়া চলছে।
কীওয়ার্ডস:
ফিলিস্তিন রাষ্ট্র, জর্ডানের রাজা আবদুল্লাহ, গাজা যুদ্ধবিরতি