বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

মিশরে ঐতিহাসিক শান্তি চুক্তিতে স্বাক্ষর করলেন ট্রাম্প, গাজা যুদ্ধে অবসান

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৫-১০-১৪ ০৯:২৬:১৫
ছবি: সংগৃহীত।

মিশরের শারম আল-শেখে বিশ্বের শীর্ষ নেতাদের উপস্থিতিতে গাজা যুদ্ধের অবসান ঘটাতে ঐতিহাসিক শান্তি চুক্তিতে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (১৩ অক্টোবর) অনুষ্ঠিত এই বৈঠকে হামাস ও ইসরায়েলের মধ্যে দীর্ঘ দুই বছরেরও বেশি সময় ধরে চলা রক্তক্ষয়ী সংঘাতের ইতি টানার লক্ষ্যে এই চুক্তি সম্পন্ন হয়।
শান্তি সম্মেলনে প্রায় ৩৫টি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান উপস্থিত ছিলেন। চুক্তিপত্রে ট্রাম্প ছাড়াও মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি এবং আরও কয়েকজন বিশ্বনেতা স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষরের পর প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “আজ আমরা শুধু একটি যুদ্ধের সমাপ্তি নয়, বরং মধ্যপ্রাচ্যের জন্য এক নতুন ইতিহাসের সূচনা করলাম। এই চুক্তি শান্তির নতুন ভোর আনবে এবং প্রজন্মের পর প্রজন্ম টিকে থাকবে।”
তিনি আরও জানান, “গাজায় এখন থেকে স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর থাকবে।”
এর আগে গত শুক্রবার (১০ অক্টোবর) হামাস ও ইসরায়েল ট্রাম্প প্রস্তাবিত ২০ দফা যুদ্ধবিরতি পরিকল্পনায় স্বাক্ষর করেছিল। সেই চুক্তির আওতায় হামাস ইতোমধ্যে ২০ জন জীবিত জিম্মি ও কয়েকজনের মরদেহ ইসরায়েলের কাছে হস্তান্তর করেছে। অপরদিকে, ইসরায়েলও সাড়ে তিন হাজার ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে।
যদিও শান্তি পরিকল্পনার পূর্ণাঙ্গ বিবরণ এখনো প্রকাশ করা হয়নি, তবে আন্তর্জাতিক মহল একে মধ্যপ্রাচ্যে নতুন শান্তির সূচনা হিসেবে দেখছে।

কীওয়ার্ডস:
মধ্যপ্রাচ্য শান্তি চুক্তি, গাজা যুদ্ধবিরতি, ডোনাল্ড ট্রাম্প


এ জাতীয় আরো খবর