আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পঞ্চগড়-০২ (বোদা–দেবীগঞ্জ) আসনে তৈরি হয়েছে এক নতুন রাজনৈতিক সমীকরণ। দীর্ঘদিন পর এই সীমান্তঘেঁষা অঞ্চলে তরুণ ও উদ্যমী নেতৃত্বের উত্থান স্থানীয় রাজনীতিতে নতুন প্রাণ সঞ্চার করেছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ছাত্রদল ও গণতান্ত্রিক পার্টির তিন তরুণ নেতা নিজেদের যোগ্যতা ও জনসম্পৃক্ততার মাধ্যমে ভোটারদের আস্থা অর্জন করেছেন।
তারা হলেন-জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)'র সম্ভাব্য প্রার্থী শিশির আসাদ, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মাসুদ রানা রিয়াজ, এবং গণতান্ত্রিক পার্টির কেন্দ্রীয় নেতা আমীর হোসেন আমু।
তিনজনই তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে মাঠ পর্যায়ে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন। স্থানীয় জনদুর্ভোগ লাঘব, শিক্ষা-স্বাস্থ্য ও কর্মসংস্থানে তাদের উদ্যোগ ইতিমধ্যেই জনগণের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।
শিশির আসাদ (এনসিপি)
জাতীয় নাগরিক পার্টির সম্ভাব্য প্রার্থী শিশির আসাদ বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের সন্তান। সাম্প্রতিক সময়ে তিনি নিজেকে একজন সমাজসচেতন রাজনৈতিক নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তিনি শুধু রাজনীতি নয়, মানবিক কাজের মাধ্যমেও জনগণের ভালোবাসা অর্জন করেছেন।
অসহায় মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষার্থীদের সহায়তা, রাস্তা ও ধর্মীয় স্থাপনার উন্নয়ন এবং তরুণদের নেতৃত্বে স্বেচ্ছাসেবী কর্মসূচি পরিচালনার মাধ্যমে তিনি এনসিপির সাংগঠনিক শক্তিকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন।
শিশির আসাদ বলেন,“আমার রাজনীতি ক্ষমতার জন্য নয়, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য। বোদা–দেবীগঞ্জের উন্নয়ন, কৃষকের ন্যায্য দাম ও যুবসমাজের কর্মসংস্থানই আমার অঙ্গীকার।”
মাসুদ রানা রিয়াজ (ছাত্রদল)
ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মাসুদ রানা রিয়াজ দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী ছাত্র রাজনীতিতে যুক্ত। তিনি মূলত বোদা উপজেলার সন্তান এবং ছাত্রজীবন থেকেই সংগঠনের মাঠপর্যায়ে নেতৃত্ব দিয়ে আসছেন।
দলীয় নেতাকর্মীদের আইনি ও মানবিক সহায়তা, শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা এবং গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকার কারণে তিনি ছাত্র রাজনীতিতে সম্মানজনক অবস্থানে পৌঁছেছেন।
তার ভাষায়-“ছাত্ররাজনীতি শুধু আন্দোলনের নাম নয়, এটা ন্যায়ের সংগ্রাম। আমি এমন একটি বাংলাদেশ চাই, যেখানে কোনো তরুণ বেকার থাকবে না এবং কোনো শিক্ষার্থী অর্থের অভাবে পিছিয়ে পড়বে না।”
আমীর হোসেন আমু (গণতান্ত্রিক পার্টি)
গণতান্ত্রিক পার্টির তরুণ নেতা আমীর হোসেন আমু বোদা উপজেলার স্থায়ী বাসিন্দা। স্থানীয়ভাবে তিনি জনমুখী ও উন্নয়ননির্ভর রাজনীতির প্রতীক হিসেবে পরিচিত। সামাজিক উন্নয়ন, যুবশিক্ষা, এবং মাদকবিরোধী প্রচারণায় তার কার্যক্রম প্রশংসিত হয়েছে।
তিনি বলেন,“রাজনীতি যদি মানবতার সেবায় আসে, তবে সমাজে সত্যিকার পরিবর্তন সম্ভব। আমি দেবীগঞ্জে এমন এক সমাজ গড়তে চাই, যেখানে রাজনীতি হবে ঐক্যের প্রতীক, বিভাজনের নয়।”
নতুন প্রজন্মের নেতৃত্বে পরিবর্তনের ইঙ্গিত
পঞ্চগড়-০২ আসনের রাজনীতিতে এক সময় প্রবীণ নেতাদের আধিপত্য ছিল। কিন্তু বর্তমানে জনগণের মধ্যে নতুন প্রজন্মের নেতৃত্বের প্রতি আকর্ষণ বেড়েছে। শিশির আসাদ, মাসুদ রানা রিয়াজ ও আমীর হোসেন আমুর মতো তরুণ নেতৃত্ব রাজনৈতিক সংস্কৃতিতে নতুন ধারা যোগ করেছেন।
স্থানীয় বিশ্লেষকদের মতে, “এই তিন তরুণের সমন্বিত উপস্থিতি বোদা–দেবীগঞ্জের রাজনীতিতে এক নতুন ভারসাম্য তৈরি করেছে। জনগণ এখন উন্নয়ন, সততা ও মানবিক নেতৃত্ব দেখতে চায়।”