শনিবার, অক্টোবর ২৪, ২০২৬

চিকিৎসা বিজ্ঞানে নোবেল পেলেন যুক্তরাষ্ট্র ও জাপানের তিন বিজ্ঞানী

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৫-১০-০৭ ১২:৪৩:০৩
ছবি: সংগৃহীত।

চলতি বছরের চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের মেরি ই. ব্রাঙ্কো, ফ্রেড র‌্যামসডেল এবং জাপানের শিমোন সাকাগুচি। মানবদেহের পেরিফেরাল ইমিউন টলারেন্স বা প্রতিরোধ ব্যবস্থার ভারসাম্য নিয়ন্ত্রণে যুগান্তকারী আবিষ্কারের জন্য তাদের এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি দেওয়া হয়েছে।
সোমবার ৬ অক্টোবর সুইডেনের স্টকহোমে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের নাম ঘোষণা করে নোবেল কমিটি। কমিটি জানায়, এই গবেষণা চিকিৎসাবিজ্ঞানের নতুন এক অধ্যায় উন্মোচন করেছে এবং ক্যানসার ও অটোইমিউন রোগের চিকিৎসায় বৈপ্লবিক পরিবর্তন আনতে সক্ষম হবে।
গবেষণায় দেখা গেছে, মানবদেহে “রেগুলেটরি টি সেলস” নামের বিশেষ ধরনের প্রতিরোধক কোষ রয়েছে, যা শরীরের প্রতিরোধ ব্যবস্থা যেন নিজের অঙ্গ বা টিস্যু আক্রমণ না করে, তা নিয়ন্ত্রণ করে। এই কোষের কাজ ব্যাহত হলে শরীর নিজের কোষকেই শত্রু হিসেবে গণ্য করে, ফলে সৃষ্টি হয় অটোইমিউন রোগ যেমন টাইপ–১ ডায়াবেটিস, মাল্টিপল স্ক্লেরোসিস কিংবা রিউমাটয়েড আর্থ্রাইটিস।
বর্তমানে তাদের গবেষণার ওপর ভিত্তি করে নতুন ধরনের চিকিৎসা উদ্ভাবনের কাজ চলছে। প্রাথমিক পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল ইঙ্গিত দিচ্ছে, এই আবিষ্কার ভবিষ্যতে ক্যানসারের চিকিৎসায়ও নতুন দিগন্ত খুলে দিতে পারে। বিশেষ করে স্টেম সেল প্রতিস্থাপনের পর সৃষ্ট জটিলতা মোকাবিলায় এটি কার্যকর হতে পারে বলে আশা করছেন চিকিৎসা বিজ্ঞানীরা।
নোবেল কমিটির ঘোষণায় বলা হয়, “এই গবেষণা মানবদেহের ইমিউন সিস্টেম বুঝতে এক নতুন দৃষ্টিভঙ্গি দিয়েছে, যা ভবিষ্যতের চিকিৎসা বিজ্ঞানে গভীর প্রভাব ফেলবে।”
পুরস্কারের অংশ হিসেবে তিন বিজ্ঞানী যৌথভাবে ১১ মিলিয়ন সুইডিশ ক্রোনা (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪ কোটি টাকা) পাবেন।

কীওয়ার্ডস:
চিকিৎসা নোবেল ২০২৫, নোবেল বিজয়ী বিজ্ঞানী, ইমিউন টলারেন্স, ক্যানসার চিকিৎসা, অটোইমিউন রোগ


এ জাতীয় আরো খবর