বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ১৩৭ অধিকারকর্মীকে তুরস্কে ফেরত পাঠালো ইসরায়েল

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৫-১০-০৪ ২৩:৩০:৩৭
ছবি: সংগৃহীত।

গাজা অভিমুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থেকে আটক করা ১৩৭ জন অধিকারকর্মীকে তুরস্কে ফেরত পাঠিয়েছে দখলদার ইসরায়েল। শনিবার (৪ অক্টোবর) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।
গত সপ্তাহে গাজা উপত্যকার অবরোধ ভাঙার উদ্দেশ্যে যাত্রা করা এই নৌবহর থেকে প্রায় ৫০০ অধিকারকর্মীকে অপহরণ করেছিল ইসরায়েলি নৌ কমান্ডোরা। তাদের মধ্যে ১৩৭ জনকে তুরস্কে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ।
প্রতিবেদনে বলা হয়, ফেরত পাঠানো ব্যক্তিদের মধ্যে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইতালি, জর্ডান, কুয়েত, লিবিয়া, আলজেরিয়া, মৌরিতানিয়া, মালয়েশিয়া, বাহরাইন, মরক্কো, সুইজারল্যান্ড, তিউনিশিয়া ও তুরস্কের নাগরিক রয়েছেন।
এই অধিকারকর্মীরা ৪৫টি ছোট-বড় জাহাজে করে গাজার উদ্দেশে রওনা হয়েছিলেন, যেখানে তাদের লক্ষ্য ছিল গাজার ওপর ইসরায়েলের অবৈধ নৌ অবরোধ ভাঙা ও ত্রাণ পৌঁছে দেওয়া। তবে গাজার উপকূলে পৌঁছানোর আগেই ইসরায়েলি নৌবাহিনী অভিযান চালিয়ে তাদের আটক করে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, তুরস্কের বিমানবন্দরে একটি বিশেষ বিমানে এই অধিকারকর্মীরা পৌঁছেছেন, যেখানে তাদের গ্রহণের প্রস্তুতি নিচ্ছে তুর্কি কর্তৃপক্ষ।
তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে, ফেরত আসা ১৩৭ জনের মধ্যে ৩৬ জন তুর্কি নাগরিক, আর এর আগের দিন আরও ৪ জনকে ফেরত পাঠানো হয়েছিল।
ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, অধিকারকর্মীরা “অল্প ত্রাণ নিয়ে এসেছিলেন” এবং ইসরায়েলের মাধ্যমে তা বিতরণে অস্বীকৃতি জানিয়ে উস্কানিমূলক কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন। তবে মানবাধিকার সংস্থাগুলোর মতে, এটি ইসরায়েলের আরেকটি মানবিক সহায়তা বাধাগ্রস্ত করার উদাহরণ।
বিশ্লেষকরা বলছেন, এই ঘটনা ইসরায়েলের গাজার ওপর নিয়ন্ত্রণ ও আন্তর্জাতিক মানবিক উদ্যোগ দমনের নতুন দৃষ্টান্ত হিসেবে ইতিহাসে যুক্ত হলো।

আল জাজিরা, রয়টার্স

কীওয়ার্ডস:
গ্লোবাল সুমুদ ফ্লোটিলা, ইসরায়েল তুরস্ক, গাজা অধিকারকর্মী, ইসরায়েলি আগ্রাসন, ফিলিস্তিন ত্রাণ


এ জাতীয় আরো খবর