মন খারাপের কষ্টগুলো
যত্নে ভরি খামে,
পায়রা পিয়ন খুঁজে নেবে
আমার চেনা নামে।
সাদা খামে রক্ত আঁচড়
মানায় নাকি বলো ?
জ্যোৎস্না ধোয়া নদীর চরে
আমার সাথে চলো।
মন কেমনের কথাগুলো
বিনি সুতোর মালা,
ছোটো ছোটো সুখের স্মৃতি
জ্যোৎস্না গোলা থালা।
মন উদাসের স্বরলিপি
নদীর কাছে শেখো,
রামধনু রং পথের শেষে
আমার জন্য থেকো।
মন খারাপে আমার আঁচল
বৃষ্টি ভেজা ঘাম,
আটপৌরে মন যে আমার
কি দেবে তার দাম ?
শরীর ছেড়ে মনের বসত
পাই না নাগাল তার,
মন ভাঙনে শব্দ বারণ
নীরব হাহাকার।
মন খারাপের রং জানি না
হয়তো ধূসর আকাশ !
ভুল ঠিকানায় তাই এলে না !
করতে কি নেই প্রকাশ ?
আমার প্রেমের লজ্জাটুকু
তোমায় দিলাম তুলে,
শিথিল আঁচল আগলে রাখি
যেও না নিতে ভুলে।
মনের মধ্যে আছে যে মন
হয়তো তোমার ছায়া,
তপস্যার অপেক্ষা
বাড়ায় শুধুই মায়া।
পথের পরে পথ ডিঙিয়ে
পথের কোথায় শেষ !
ফুঁ দিয়ে তাই উড়িয়ে দিলে
মন খারাপের রেশ ?