মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬

অ রু ণি মা চ্যা টা র্জী

  • প্রাক্তনী
  • ২০২৫-১০-০১ ২২:০৫:২১

আগের মতোই ব্রেকআপ ব্রেকআপ খেলিস নাকি?
শেষ দুপুরে আউশ ধানের গন্ধ মেখে,
উড়নচণ্ডী মেঘের কাছে 
বৃষ্টি চেয়ে কাঁদিস নাকি !
নিউমেরিক্যাল সংখ্যা ভুলে
প্রক্তনীকে বিদায় দিলে,
গীটারখানা তুলিস নাকি ?
দামাল ঝড়ের উল্টো দিকে 
একা একা দাঁড়াস নাকি !

প্রথম প্রেমে হাবুডুবু 
সাঁতারে তুই বড্ড কাবু,
উড়নচণ্ডী স্বভাবটাকে 
লাগাম পরাস একটু যদি,
চোখের সামনে প্রাক্তনী তোর 
সাজিয়ে রাখে অশ্রু নদী !
আগের মতো উল্টো জামা 
পরিসনাতো এখন দেখি  !
কে শেখালো সাজতে তোকে
পরিপাটি এমন মেকি !

মন খারাপে চায়ের কাপে 
শক্তি সুনীল আসতো যেতো,
প্রাক্তনী তোর জীবনটাকে 
না চাইতেও গুছিয়ে দিতো।
দশটা পাঁচটা কলম পিষিস
পদ্য খাতা লুকিয়ে রাখিস, 
উল্টো পুরাণ সেই গাইলি 
আমায় কেনো কষ্ট দিলি !
নই প্রথমা, নই দ্বিতীয়া 
আমিই যে তোর স্বয়ংসিদ্ধা 


এ জাতীয় আরো খবর