মঙ্গলবার, মে ২৬, ২০২৬

ফিলিপাইনে ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, উপকূলীয় এলাকায় সতর্কতা জারি

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৫-০৯-৩০ ২২:৪০:৩৪

ফিলিপাইনের মধ্যাঞ্চল কেঁপে উঠেছে শক্তিশালী ভূমিকম্পে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার রাত ১০টার দিকে (বাংলাদেশ সময় রাত ৮টা) ৬ দশমিক ৯ মাত্রার এই ভূমিকম্প আঘাত হানে।
ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল লেইতের পালোমপন শহরের পশ্চিমে, ভূ-পৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে। অগভীর উৎপত্তি হওয়ায় কম্পন ভিসায়ান দ্বীপপুঞ্জজুড়ে দ্রুত ছড়িয়ে পড়ে এবং পাঁচ লাখেরও বেশি মানুষ প্রবলভাবে এটি অনুভব করেন। অনেক এলাকায় ঘরবাড়ি কেঁপে ওঠে, আতঙ্কে মানুষ দৌড়ে বাইরে বেরিয়ে আসে।
ইউএসজিএস সতর্ক করে বলেছে, এ ধরনের ভূমিকম্পে দুর্বল অবকাঠামো ধসে পড়তে পারে এবং সঠিকভাবে নির্মিত ভবনেও মাঝারি ক্ষয়ক্ষতি হতে পারে। পাশাপাশি স্থানীয়ভাবে সুনামির ঝুঁকি পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
সবচেয়ে বেশি প্রভাব পড়েছে সেবু ও লেইতে দ্বীপের উত্তরাঞ্চলে। তবে এখনো ক্ষয়ক্ষতি ও হতাহতের সঠিক তথ্য পাওয়া যায়নি। স্থানীয় প্রশাসন উপকূলীয় অঞ্চলে সতর্কতা জারি করেছে এবং মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে শুরু করেছে। জরুরি সেবা সংস্থাগুলো ইতোমধ্যে উদ্ধার ও সহায়তা কার্যক্রমে নেমেছে।

কীওয়ার্ডসঃফিলিপাইন ভূমিকম্প,লেইতে সেবু কম্পন,সুনামি সতর্কতা,ইউএসজিএস রিপোর্ট


এ জাতীয় আরো খবর