পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে আবারও ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে কোয়েটায় ফ্রন্টিয়ার কর্পস (এফসি) সদরদপ্তরের কাছে বিস্ফোরকবোঝাই একটি গাড়ি বিস্ফোরিত হলে অন্তত ১০ জন নিহত এবং অর্ধশতাধিক মানুষ আহত হন।
স্থানীয় গণমাধ্যম জানায়, মডেল টাউন থেকে হালি রোডে প্রবেশমুখে গাড়িটি বিস্ফোরিত হয়। বিস্ফোরণের তীব্রতায় আশপাশের ভবন কেঁপে ওঠে, নিকটবর্তী গাড়ি ও দোকান মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হয়। ঘটনার পরপরই নিরাপত্তা বাহিনী এলাকা ঘিরে ফেলে এবং অভিযানে চার সন্ত্রাসীকে হত্যা করে।
বেলুচিস্তানের স্বাস্থ্যমন্ত্রী বখত মুহাম্মদ কাকার জানিয়েছেন, আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। কোয়েটার সিভিল হাসপাতাল ও ট্রমা সেন্টারে জরুরি অবস্থা জারি করা হয়েছে। চিকিৎসকদের সর্বোচ্চ প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রদেশের মুখ্যমন্ত্রী মীর সরফরাজ বুগতি এক বিবৃতিতে হামলাটিকে “সুস্পষ্ট সন্ত্রাসবাদ” উল্লেখ করে বলেছেন, এ ধরনের কাপুরুষোচিত হামলা পাকিস্তানের উন্নয়নযাত্রা বাধাগ্রস্ত করতে পারবে না। প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি হামলার নিন্দা জানিয়ে অভিযোগ করেছেন, “ভারত সমর্থিত উগ্রপন্থিরাই এই হামলার নেপথ্যে রয়েছে।”
হামলার পর কোয়েটা শহরজুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত চেকপোস্ট বসানো হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী তল্লাশি অভিযান চালাচ্ছে। তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।
কীওয়ার্ডস:কোয়েটা বোমা হামলা,বেলুচিস্তান সন্ত্রাসী হামলা,পাকিস্তান নিরাপত্তা,বিস্ফোরক গাড়ি হামলা,এফসি সদরদপ্তর বিস্ফোরণ