মঙ্গলবার, মে ২৬, ২০২৬

থালাপতি বিজয়ের সমাবেশে পদদলিত হয়ে ৩৯ নিহত, তদন্তে বিশেষ কমিশন গঠন

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৫-০৯-২৮ ১০:৫৯:৩৬
ছবি: সংগৃহীত।

ভারতের তামিলনাড়ুতে জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিবিদ **থালাপতি বিজয়ের** এক সমাবেশে পদদলিত হয়ে অন্তত **৩৯ জনের মৃত্যু** হয়েছে। নিহতদের মধ্যে শিশু ও নারীও রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত অর্ধশতাধিক মানুষ।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় কারুর-ইরোড মহাসড়কের ভেলুসামাইপুরামে অনুষ্ঠিত হয় বিজয়ের জনসভা। অনুমোদন ছিল প্রায় ৩০ হাজার মানুষের, কিন্তু স্থানীয় গণমাধ্যম জানায়, সেখানে ভিড় হয় **৬০ হাজারেরও বেশি**। রাত পৌনে ৮টার দিকে বিপুলসংখ্যক মানুষ একসঙ্গে মঞ্চের দিকে ধাবিত হলে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। ধাক্কাধাক্কির মধ্যে অনেকেই মাটিতে পড়ে গিয়ে শ্বাসকষ্টে অচেতন হয়ে পড়েন। বিজয় বাধ্য হয়ে বক্তৃতা বন্ধ করে পুলিশকে সহায়তার আহ্বান জানান।
দুর্ঘটনায় প্রাণহানিতে শোক প্রকাশ করে থালাপতি বিজয় বলেন, *“আমার হৃদয় ভেঙে গেছে। অসহনীয় যন্ত্রণা ও গভীর শোকে আছি। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।”*
এদিকে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্টালিন ঘটনাস্থলে পৌঁছে নিহতদের পরিবারকে **১০ লাখ রুপি ক্ষতিপূরণ** এবং আহতদের প্রত্যেককে এক লাখ রুপি দেওয়ার ঘোষণা দেন। তিনি আরও জানান, অবসরপ্রাপ্ত বিচারপতি অরুণা জগদেশনের নেতৃত্বে **তদন্ত কমিশন গঠন** করা হয়েছে।
স্টালিনের দেওয়া তথ্য অনুযায়ী নিহতদের মধ্যে ১৩ জন পুরুষ, ১৭ জন নারী, ৪ জন ছেলে এবং ৫ জন মেয়ে। আহত ৫১ জন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। জরুরি সহায়তার অংশ হিসেবে কারুরে পাঠানো হয়েছে অন্তত ৪৪ জন চিকিৎসক।

কীওয়ার্ডসঃথালাপতি বিজয়,তামিলনাড়ু সমাবেশ,পদদলিত দুর্ঘটনা,এমকে স্টালিন,কারুর জনসভা


এ জাতীয় আরো খবর