শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা নিয়ে উত্তেজনা, ধস্তাধস্তিতে আহত শিক্ষার্থী ও শিক্ষক

  • বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
  • ২০২৫-০৯-২০ ২০:০৫:১০
ছবি: সংগৃহীত।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পোষ্য কোটা পুনর্বহালের সিদ্ধান্তকে কেন্দ্র করে শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে জুবেরি ভবনের সামনে এই ঘটনা ঘটে।
সাক্ষীদের বরাতে জানা গেছে, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মাইন উদ্দিন এবং প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান শিক্ষার্থীদের বাধার মুখে পড়েন। এসময় উভয়পক্ষের মধ্যে হাতাহাতি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এক পর্যায়ে উপ-উপাচার্য মাটিতে পড়ে যান। এতে কয়েকজন শিক্ষার্থী ও সাংবাদিক আহত হন।
এর আগে দুপুরে আন্দোলনরত শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে এবং পরে উপ-উপাচার্যের বাসভবন ঘেরাও করে তালা ঝুলিয়ে দেয়। এমনকি তাঁর গাড়ি আটকে রেখে প্রতীকী প্রতিবাদ হিসেবে সেখানে টাকা ছুড়ে মারে। ফলে উপ-উপাচার্য বাসায় প্রবেশ করতে ব্যর্থ হন।
শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয় প্রশাসন রাকসু পুনরুদ্ধার আন্দোলন ব্যাহত করতে ইচ্ছাকৃতভাবে এই সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে প্রক্টর মাহবুবুর রহমান বলেন, ধাক্কাধাক্কির সময় তাঁর হাতঘড়ি ও সঙ্গে থাকা ১০ হাজার টাকা হারিয়ে গেছে, যা স্বাভাবিক কোনো ঘটনা নয়।
উল্লেখ্য, বৃহস্পতিবার ভর্তি কমিটির সভায় শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের জন্য শর্তসাপেক্ষে পোষ্য কোটা পুনর্বহালের সিদ্ধান্ত নেয়া হয়। এরপর থেকেই সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন ছাত্রসংগঠন এ সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাচ্ছে। আন্দোলনের অংশ হিসেবে কয়েকজন শিক্ষার্থী ইতোমধ্যেই আমরণ অনশন শুরু করেছেন।

কীওয়ার্ডস:রাবি পোষ্য কোটা,রাজশাহী বিশ্ববিদ্যালয় আন্দোলন,রাবি অনশন,রাবি শিক্ষার্থী সংঘর্ষ


এ জাতীয় আরো খবর