বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে সৌদি-পাকিস্তান, ‘ন্যাটোর মতো ছাতা’ বলছে রিয়াদ

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৫-০৯-১৯ ২০:৩৭:৫৩
ছবি: সংগৃহীত।

মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে নতুন মাত্রা যোগ হলো। পারমাণবিক শক্তিধর পাকিস্তান ও সৌদি আরব পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেছে। রিয়াদে গত বুধবার এই চুক্তিতে সই করেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।
চুক্তি অনুযায়ী, যেকোনো এক দেশের ওপর আগ্রাসন মানেই সেটি উভয় দেশের বিরুদ্ধে হামলা হিসেবে গণ্য হবে। সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) প্রকাশিত যৌথ বিবৃতিতে বলা হয়েছে, এই প্রতিরক্ষা চুক্তির লক্ষ্য হলো আঞ্চলিক নিরাপত্তা জোরদার, বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠা এবং প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে যৌথ প্রতিরোধশক্তি গড়ে তোলা।
সৌদি গণমাধ্যম নতুন এই চুক্তিকে আখ্যা দিয়েছে “ন্যাটোর মতো প্রতিরোধমূলক ছাতা” হিসেবে। অর্থাৎ, এটি উভয় দেশকে সীমাহীন সামরিক সক্ষমতা ব্যবহারের কৌশলগত সুযোগ দেবে। এক জ্যেষ্ঠ সৌদি কর্মকর্তা জানান, বহু বছরের আলোচনার পর এই চুক্তি বাস্তবায়ন হয়েছে। এটি কোনো নির্দিষ্ট ঘটনার প্রতিক্রিয়া নয়, বরং দীর্ঘদিনের দ্বিপাক্ষিক সহযোগিতাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া।
সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছেন, *“সৌদি আরব ও পাকিস্তান, এক ফ্রন্টে—যেকোনো আগ্রাসীর বিরুদ্ধে সবসময় এবং চিরকাল।”*

কীওয়ার্ডস: সৌদি পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি,ন্যাটো ধরনের জোট,আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতা,মধ্যপ্রাচ্য প্রতিরক্ষা জোট,সৌদি পাকিস্তান সম্পর্ক


এ জাতীয় আরো খবর