চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ৬ দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জে পলিটকেনিক শিক্ষার্থীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছে। বুধবার(১৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সদর উপজেলার বারঘরিয়া ব্রীজ গোলচত্বরে অনুষ্ঠিত কর্মসূচীতে চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনিষ্টিটিউট ও ইমপেরিয়াল পলিটকেনিক ইনিষ্টিটিউট এর শিক্ষার্থীরা অংশ নেয়। কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের ব্যানারে আয়োজিত কর্মসূচীটি সরকারি পলিটেকনিক ইনিষ্টিটিউটের সামনে গোলচত্বরে শুরু হয়ে বীরশ্রেষ্ঠ শহিদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর সেতুর (মহানন্দা সেতু-১) উপর বিস্তৃত হয়ে সোনামসজিদ স্থলবন্দর মহাসড়কে যান চলাচাল বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীরা সেতুর উপর বসে পড়েন। ফলে সৃষ্টি হয় দীর্ঘ যানজট ও জনদূর্ভোগ। পরে পলিটকেনিক শিক্ষক ও ইনিষ্টিটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের(আইডিইবি) জেলা শাখার নেতৃবন্দের হস্তক্ষেপে কর্মসূচী শেষ হয়।
কর্মসূচী চলাকালে বক্তব্য দেন,আইডিইবি জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি শফিকুল ইসলাম,সরকারি পলিটকেনিক শিক্ষক আব্দুল মালেক, কারিগরি ছাত্র আন্দোলনের জেলা শাখা সংগ্রাম কমিটির যুগ্ম সদস্য সচিব আব্দুর রাহিম, সংগ্রাম পরিষদ সদস্য রিপন আলী, মাহবুব রানা সজিব, আপেল মাহমুদ প্রমুখ। বক্তরা ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে গুলি করে হত্যার হুমকির প্রতিবাদ করেন। তাঁরা প্রকৌশল সেক্টরে পেশাগত সমস্যা নিরসনে গঠিত কমিটি প্রত্যাখান করেন এবং ডিগ্রী প্রকৌশলীদেও তিন দফা দাবি প্রত্যাখানের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান বলেন, কর্মসূচী শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। যানজট ও জন ভোগান্তি লাঘবে পুলিশ যথাসম্ভব চেষ্টা করেছে বলেও জানান ওসি।