টানা ২য় দিনের মতো বরিশালে সড়ক মেরামত করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা) এবং বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) ট্রাফিক বিভাগ। বরিশাল নগরীর রুপাতলী, নথুল্লাবাদ, সদর রোড, লঞ্চঘাট শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, আমতলা মোড়সহ গুরুত্বপূর্ণ স্থানে সড়কের বেহাল দশা দেখে তারা এই কাজে এগিয়ে এসেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
ব্যস্ততম এই নগরীর বিভিন্ন স্থানে রাস্তাগুলো চলাচলের অনুপযোগী হলেও মেরামত করতে উদাসীন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সড়ক ও জনপদ, সিটি কর্পোরেশনের মধ্যে সমন্বয় না থাকায় জননিরাপত্তা চরম আকার ধারণ করেছে। একে অপরকে দোষারোপ করে জনভোগান্তি নিয়ে উদাসীন থাকলেও এবার সড়ক মেরামতে এগিয়ে এসেছে নিসচা ও বিএমপি ট্রাফিক বিভাগ।
এরই ধারাবাহিকতায় গতকাল ১৬ সেপ্টেম্বর রাত ৯ টায় এবং আজ ১৭ সেপ্টম্বর বেলা ৩ টায় বরিশাল নগরীর আমতলা মোড়, সাগরদী ব্রীজ এলাকায় সড়ক মেরামত করে প্রসংশায় ভাসছে নিসচা বরিশাল জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক জুবায়ের ইসলাম চৌধুরী ও বিএমপি ট্রাফিক ইন্সপেক্টর এম. কামরুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন ট্রাফিক সার্জেন্ট মোঃ আলী হোসেন, ট্রাফিক সার্জন্ট মো: শাহ আলম, ট্রাফিক সার্জেন্ট মোঃ রেজাউল ইসলাম, কনস্টেবল মো: নাসির উদ্দিনসহ অন্যান্যরা।
সিটি কর্পোরেশনের সড়ক হওয়ার পরেও ভোগান্তি দূর এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে আজ সহায়তা নিয়ে এগিয়ে এসেছে সড়ক ও জনপদ বিভাগ। এদিকে পুলিশ ও নিসচার এমন মানবিক কাজের উদ্যোগ গ্রহণ করার জন্য ধন্যবাদ জানিয়েছে চালক, যাত্রী ও পথচারীরা।
এ বিষয় টিআই এম. কামরুল ইসলাম ও নিসচার সাংগঠনিক সম্পাদক জুবায়ের ইসলাম চৌধুরী বলেন, এই রাস্তা দিয়ে শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, লঞ্চঘাটসহ বিভিন্ন স্থানে হাজার হাজার মানুষ যাতায়াত করে। কিন্তু রাস্তার যে অবস্থা যেকোন সময় বড় ধরনের দূর্ঘটনা ঘটে যেতে পারে। তাই দূর্ঘটনা থেকে মুক্তি পেতে অতি দ্রুত সড়কটি মেরামত করার জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।