কাতারে ইসরায়েলের সামরিক অভিযান নিয়ে চলমান বিতর্কের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ভবিষ্যতে কাতারে আর কোনো হামলা চালাবে না ইসরায়েল। সোমবার (১৫ সেপ্টেম্বর) ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এ মন্তব্য করেন।
ট্রাম্প বলেন, “কাতার আমাদের গুরুত্বপূর্ণ মিত্র। অনেকে হয়তো জানেন না, তবে এখন থেকে নেতানিয়াহু কাতারের সঙ্গে সমন্বয় করেই এগোবেন।”
গত ৮ সেপ্টেম্বর গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনার উদ্দেশ্যে দোহায় জড়ো হন হামাসের সিনিয়র নেতারা। ওই বৈঠকের সময় ইসরায়েল হামলা চালায়, যা ছিল হামাসের শীর্ষ নির্বাহী খলিল আল হায়াকে লক্ষ্য করে। যদিও তিনি প্রাণে বেঁচে যান, তবুও ওই ঘটনায় কাতারের নিরাপত্তা বাহিনীর এক সদস্যসহ মোট ছয়জন নিহত হন।
এই হামলার পর বিশ্বজুড়ে নিন্দার ঝড় ওঠে। যুক্তরাষ্ট্র দাবি করেছিল, কাতারকে আগেই সতর্ক করা হয়েছিল; তবে দোহা সেই দাবি প্রত্যাখ্যান করে। ট্রাম্প এ বিষয়ে বলেন, “আমি যেমন খবর পেয়েছি, আপনিও তেমনই জেনেছেন। আমাকে আগে কোনো তথ্য দেওয়া হয়নি।”
বিশ্লেষকরা মনে করছেন, যুক্তরাষ্ট্রের অবস্থান এবং কাতারের প্রতি ট্রাম্পের এই সরাসরি সমর্থন মধ্যপ্রাচ্যের কূটনৈতিক সমীকরণে নতুন মোড় আনতে পারে।
কীওয়ার্ডসঃট্রাম্প কাতার,ইসরায়েল হামলা বন্ধ,হামাস নেতৃত্ব,মধ্যপ্রাচ্য কূটনীতি,মার্কিন অবস্থান