নেপালের প্রধানমন্ত্রী সুশীলা কার্কির নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের মন্ত্রিসভায় নতুন তিনজন সদস্য যুক্ত হয়েছেন। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাজধানী কাঠমাণ্ডুর রাষ্ট্রপতি ভবন শীতলনিবাস প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি রামচন্দ্র পাউডেল তাদের শপথ পড়ান।
শপথ নেওয়া মন্ত্রীদের মধ্যে রয়েছেন সাবেক অর্থসচিব রামেশ্বর খনাল (অর্থমন্ত্রী), বিদ্যুৎ কর্তৃপক্ষের সাবেক নির্বাহী পরিচালক কুলমান ঘিসিং (জ্বালানি, পানি সম্পদ ও সেচমন্ত্রী, সঙ্গে ভৌত অবকাঠামো ও নগর উন্নয়ন মন্ত্রণালয়) এবং খ্যাতিমান আইনজীবী ওম প্রকাশ আর্যাল (স্বরাষ্ট্র ও আইনমন্ত্রী)।
প্রধানমন্ত্রী সুশীলা কার্কি আপাতত পররাষ্ট্র, প্রতিরক্ষা, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, পর্যটন ও তথ্যপ্রযুক্তিসহ একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব নিজেই পালন করছেন। নতুন সদস্য যোগ হওয়ার ফলে অন্তর্বর্তী মন্ত্রিসভার সদস্য সংখ্যা দাঁড়ালো চারজন। আগামী ছয় মাসের মধ্যে সংসদীয় নির্বাচন আয়োজনের দায়িত্ব থাকবে এই সরকারে।
উল্লেখযোগ্য যে, কুলমান ঘিসিং বিদ্যুৎ বিভ্রাট নিরসনে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য নেপালে ব্যাপক পরিচিতি পেয়েছিলেন। অন্যদিকে রামেশ্বর খনাল অর্থনৈতিক সংস্কার কমিশনের নেতৃত্ব দিয়ে সংস্কার প্রস্তাবনা জমা দিয়েছিলেন। আর আইনজীবী ওম প্রকাশ আর্যাল সম্প্রতি জেন জেড আন্দোলনের আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-রাষ্ট্রপতি রামসহায় প্রসাদ যাদব, প্রধান বিচারপতি প্রকাশমান সিং রাউত, জাতীয় পরিষদ চেয়ারম্যান নারায়ণ প্রসাদ দাহালসহ রাজনৈতিক ও প্রশাসনিক শীর্ষ ব্যক্তিরা।
কীওয়ার্ডস:
নেপাল মন্ত্রিসভা, সুশীলা কার্কি, নতুন মন্ত্রী, শপথ অনুষ্ঠান, অন্তর্বর্তী সরকার