মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬

রুশ আগ্রাসন ঠেকাতে ইউক্রেনের আগামী বছর প্রয়োজন ১২০ বিলিয়ন ডলার

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৫-০৯-১৪ ০৮:৪৭:৪৮
ফাইল ছবি

রাশিয়ার চলমান আগ্রাসন মোকাবিলায় ২০২৬ সালেও ইউক্রেনকে বিপুল অর্থ ব্যয় করতে হবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ডেনিস শ্মিগাল। তার মতে, শুধু যুদ্ধ চলাকালীন নয়, যুদ্ধ শেষ হলেও সেনাবাহিনীকে প্রস্তুত রাখতে ন্যূনতম ১২০ বিলিয়ন ডলার প্রয়োজন হবে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) কিয়েভে আয়োজিত এক সম্মেলনে তিনি বলেন, “যদি প্রতিরক্ষা খাতে ব্যয় কমে যায়, তাহলে আমরা রাশিয়ার কাছে আরও ভূমি হারানোর ঝুঁকিতে পড়ব।” শ্মিগাল প্রস্তাব দেন, পশ্চিমে জব্দ করে রাখা রুশ সম্পদ বাজেয়াপ্ত করে ইউক্রেনের প্রতিরক্ষা খাতে অর্থায়ন করা উচিত।
বর্তমানে ইউক্রেন তার জিডিপির প্রায় এক-তৃতীয়াংশ ব্যয় করছে প্রতিরক্ষা খাতে এবং অর্থনীতি সচল রাখতে পশ্চিমা সহযোগিতার ওপর নির্ভর করছে। অন্যদিকে রাশিয়া হুঁশিয়ারি দিয়ে বলেছে, তাদের সম্পদ বাজেয়াপ্তের উদ্যোগ “চুরির সমান” এবং এর ফল ভোগ করতে হবে।
এর আগে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন প্রস্তাব দেন, বাজেয়াপ্ত করা রুশ সম্পদ ব্যবহার করে ইউক্রেনকে ক্ষতিপূরণমূলক ঋণ দেওয়া যেতে পারে। তবে ইইউ সদস্য রাষ্ট্রগুলো সরাসরি এই সম্পদ বাজেয়াপ্ত করবে না বলে তিনি স্পষ্ট করেন।

কীওয়ার্ডসঃইউক্রেন প্রতিরক্ষা বাজেট,রাশিয়া-ইউক্রেন যুদ্ধ,রুশ সম্পদ বাজেয়াপ্ত,ডেনিস শ্মিগাল,ইউক্রেন যুদ্ধ খরচ


এ জাতীয় আরো খবর