ভারতের কর্ণাটক রাজ্যের হাসান জেলায় গণেশ প্রতিমা বিসর্জনের শোভাযাত্রায় ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাত ৮টা ৪৫ মিনিটের দিকে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক ভিড়ের মধ্যে ঢুকে পড়ে। এতে অন্তত ৯ জন নিহত এবং আরও ২০ জন আহত হয়েছেন।
পুলিশের দেওয়া তথ্যে জানা গেছে, নিহতদের মধ্যে ছয়জন স্থানীয় বাসিন্দা এবং তিনজন চিকমাগালুরু, বেল্লারি ও চিত্রদুর্গা জেলার শিক্ষার্থী। আহতদের মধ্যে প্রায় ১৭ জন এখনো হাসপাতালে চিকিৎসাধীন।
প্রাথমিক তদন্তে দেখা যায়, হাসান থেকে হোলেনারাসিপুরগামী একটি ক্যান্টার ট্রাক প্রথমে একটি মোটরসাইকেল ও ব্যারিকেডে ধাক্কা মারে। পরে ন্যাশনাল হাইওয়ে ৩৭৩–এর মোসালে হোসাহাল্লি গ্রামের কাছে শোভাযাত্রার ভিড়ের মধ্যে ঢুকে যায়।
দক্ষিণ রেঞ্জের পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বরালিঙ্গাইয়া বলেন, “ট্রাকের গতি নিয়ন্ত্রণে না থাকায় একের পর এক সংঘর্ষ হয় এবং শেষ পর্যন্ত প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে।”
ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আহতদের চিকিৎসা চলছে এবং নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
কীওয়ার্ডসঃ কর্ণাটক দুর্ঘটনা,গণেশ বিসর্জন ট্রাক,হাসান শোভাযাত্রা,ভারত সড়ক দুর্ঘটনা,নিহত ৯ কর্ণাটক