মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬

নেপালে প্রথম নারী প্রধানমন্ত্রী সুশীলা কার্কি, ভেঙে দেওয়া হলো প্রতিনিধি পরিষদ

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৫-০৯-১৩ ১০:১৫:০০
ছবি: সংগৃহীত।

নেপালে রাজনৈতিক অস্থিরতার মধ্যেই নতুন ইতিহাস রচনা হলো। সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন। শুক্রবার স্থানীয় সময় রাত সাড়ে ৯টায় রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি রাম চন্দ্র পৌডেলের কাছে শপথ গ্রহণ করেন তিনি।
শপথ নেওয়ার পরপরই অন্তর্বর্তী সরকারপ্রধান হিসেবে তার প্রথম সিদ্ধান্তে প্রতিনিধি পরিষদ ভেঙে দেওয়ার সুপারিশ করেন কার্কি। রাষ্ট্রপতি পৌডেল সেই সুপারিশ অনুযায়ী আগামী ৫ মার্চ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দেন।
এর মধ্য দিয়ে রাজনৈতিক সংকটে থাকা নেপালে নতুন অধ্যায়ের সূচনা হলো। সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা ও দুর্নীতির বিরুদ্ধে টানা তিন দিনের বিক্ষোভে কেপি শর্মা ওলি সরকারের পতনের পর জেন-জি আন্দোলনকারীদের সমর্থনেই কার্কির উত্থান ঘটে।
৭২ বছর বয়সী কার্কি সততা ও দুর্নীতিবিরোধী কঠোর অবস্থানের জন্য বরাবরই আলোচিত। বিচারপতি হিসেবে দায়িত্ব পালনকালে তিনি সরকারের প্রভাবশালী মন্ত্রীদের জেলে পাঠানো থেকে শুরু করে ক্ষমতাসীন দলের সঙ্গে সরাসরি সংঘাতে জড়াতেও পিছপা হননি। যদিও তার বিরুদ্ধে অভিশংসনের প্রচেষ্টা হয়েছিল, জনমতের চাপেই তা ব্যর্থ হয়।
বিশ্লেষকরা মনে করছেন, অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে থেকেও নির্বাচন আয়োজন এবং দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা তার জন্য বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে।

কীওয়ার্ডস: নেপাল নির্বাচন ২০২৫,সুশীলা কার্কি প্রধানমন্ত্রী,নেপালের প্রথম নারী প্রধানমন্ত্রী,প্রতিনিধি পরিষদ ভাঙা,নেপাল রাজনৈতিক সংকট


এ জাতীয় আরো খবর