মঙ্গলবার, মে ২৬, ২০২৬

ইন্দোনেশিয়ার বালি ও নুসা টেংগারায় ভয়াবহ বন্যা-ভূমিধস, প্রাণহানি ২৩

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৫-০৯-১২ ১৬:৫৫:৫৮
ছবি: সংগৃহীত।

টানা ভারি বর্ষণে ইন্দোনেশিয়ার বালি ও পূর্ব নুসা টেংগারা প্রদেশে ভয়াবহ বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৩ জন নিহত হয়েছেন এবং আরও পাঁচজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা। খবর *আল জাজিরা*।
শুক্রবার পর্যন্ত কেবল বালিতেই ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সেনা, পুলিশ ও প্রায় ৬০০ জন উদ্ধারকর্মী নিখোঁজদের খোঁজে অভিযান চালাচ্ছে। টানা চার দিনের ভারি বৃষ্টিতে নদীর পানি বিপজ্জনকভাবে ফুলে ওঠে এবং অন্তত ১২০টি এলাকা প্লাবিত হয়। একই সঙ্গে এক ডজনের বেশি ভূমিধসের ঘটনা ঘটেছে।
প্রাকৃতিক এই দুর্যোগে ঘরবাড়ি, সেতু, বাজার ও যোগাযোগব্যবস্থা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুৎ ও পানির সংযোগ দীর্ঘ সময় বিচ্ছিন্ন থাকলেও পানি নামতে শুরু করায় ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। ইতোমধ্যে পাঁচ শতাধিক মানুষ অস্থায়ী আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন।
স্থানীয়দের অভিযোগ, অতিরিক্ত পর্যটন, অপরিকল্পিত নগরায়ণ এবং দুর্বল বর্জ্য ব্যবস্থাপনাই বালির ভয়াবহ বন্যার অন্যতম কারণ। ধানক্ষেত ও জলাশয় কংক্রিটে ঢেকে যাওয়ায় পানি ধারণের জায়গা কমে গেছে, ফলে অল্প বৃষ্টিতেই বড় ধরনের বন্যা দেখা দিচ্ছে।
পূর্ব নুসা টেংগারার দুর্গম গ্রামীণ এলাকায় উদ্ধারকাজ সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখে পড়েছে। সেখানে শিশুসহ কয়েকজনের মরদেহ কাদামাটি ও নদী থেকে উদ্ধার করা হয়েছে। প্রাণহানির পাশাপাশি সেতু, সরকারি দফতর, চাষাবাদ ও গবাদি পশুও ধ্বংস হয়েছে।
ইন্দোনেশিয়া সরকার ইতোমধ্যে এক সপ্তাহের জরুরি অবস্থা জারি করেছে এবং দ্রুত উদ্ধার ও পুনর্বাসন কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

কীওয়ার্ডস:বালি বন্যা ২০২৫,ইন্দোনেশিয়া ভূমিধস,নুসা টেংগারা দুর্যোগ,বালি পর্যটন সংকট,ইন্দোনেশিয়া জরুরি অবস্থা


এ জাতীয় আরো খবর