বিএনপি ক্ষমতায় এলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই হবেন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার (৩১ আগস্ট) বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
ফখরুল বলেন, “বাংলাদেশকে রক্ষার একমাত্র শক্তি বিএনপি। আমাদের ঘোষিত ৩১ দফা সংস্কার বাস্তবায়িত হলে দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামোতে আমূল পরিবর্তন আসবে।”
অনুষ্ঠানে স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ অভিযোগ করেন, “দেশীয় ও আন্তর্জাতিক মহলে ষড়যন্ত্র চলছে গণতন্ত্রকে দুর্বল করতে। ভারত আওয়ামী লীগকে ফের ক্ষমতায় আনার প্রচেষ্টা চালাচ্ছে।”
এ সময় স্থায়ী কমিটির আরেক সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, “জাতীয়তাবাদের পতাকার মাধ্যমেই জাতিকে ঐক্যবদ্ধ করা সম্ভব হয়েছে। বিএনপির হাত ধরেই শিক্ষা ও স্বাস্থ্যখাতে পরিবর্তনের বিপ্লব আসবে।”
বেগম সেলিমা রহমান নেতাকর্মীদের উদ্দেশে বলেন, কঠিন সময়ে ঐক্যবদ্ধ থেকে ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। তিনি অভিযোগ করেন, পিআর পদ্ধতির মাধ্যমে কিছু রাজনৈতিক দল নির্বাচন বানচালের চেষ্টা করছে।
কীওয়ার্ডস: তারেক রহমান প্রধানমন্ত্রী,বিএনপি প্রতিষ্ঠাবার্ষিকী ২০২৫,মির্জা ফখরুল বক্তব্য,বিএনপি ৩১ দফা সংস্কার,বাংলাদেশ রাজনীতি আপডেট