বোদা উপজেলার ৬নং মাড়েয়া ইউনিয়নে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে শুক্রবার বিকেলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বোদা উপজেলা এনসিপি’র প্রধান সমন্বয়কারী জনাব শিশির আসাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুগ্ম সমন্বয়কারী মাসুম বিল্লাহ সৌরভ এবং সভার সভাপতিত্ব করেন ইউনিয়ন এনসিপি নেতা আলী আহসান।
সভায় স্থানীয় ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। তাদের মধ্যে আবির আল মাহমুদ, সাব্বির হোসেন,মাসুম রানাসহ অনেকেই উল্লেখযোগ্যভাবে অংশ নেন।
প্রধান অতিথি শিশির আসাদ তাঁর বক্তব্যে বলেন, বিচার, সংস্কার ও সংবিধান পরিবর্তন ছাড়া কোনো নির্বাচন এই দেশে অনুষ্ঠিত হতে পারে না। তিনি আরও বলেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগকে যারা পুনর্বাসনের চেষ্টা করছে তারা বাংলার জমিনে ঠাঁই পাবে না। শেখ হাসিনা ও আওয়ামী লীগ আগামী একশো বছরেও বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসতে পারবে না।
তিনি জোর দিয়ে বলেন, জাতীয় নাগরিক পার্টি জনগণের অধিকার আদায়ের জন্য কাজ করছে এবং একটি ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর। তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার করার মধ্য দিয়েই এই লক্ষ্য পূরণ সম্ভব।
সভায় অন্যান্য বক্তারাও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, জনগণের প্রত্যাশা এবং এনসিপি’র ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন। তাদের মতে, তৃণমূল পর্যায়ে সচেতনতা সৃষ্টি ও সংগঠনকে শক্তিশালী করার মাধ্যমে এনসিপি একটি বিকল্প শক্তি হিসেবে দেশের রাজনীতিতে প্রতিষ্ঠা পাবে।
আলোচনা সভা প্রাণবন্ত পরিবেশে শেষ হয় এবং নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, আগামী দিনে জাতীয় নাগরিক পার্টি জনগণের আস্থার প্রতীক হয়ে উঠবে।