রবিবার, মে ৩১, ২০২৬

যুক্তরাষ্ট্রের শুল্কের পাল্টা ব্যবস্থা নিতে প্রস্তুত ব্রাজিল

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৫-০৮-২৯ ১০:৩৯:০৬
ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত ৫০ শতাংশ শুল্কের জবাবে পাল্টা পদক্ষেপ নিতে যাচ্ছে ব্রাজিল। সরকারি সূত্র নিশ্চিত করেছে যে, প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা প্রতিশোধমূলক ব্যবস্থা পর্যালোচনার অনুমোদন দিয়েছেন। বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় আগামী ৩০ দিনের মধ্যে শুল্ক আরোপের সম্ভাব্যতা যাচাই করবে।
কূটনৈতিক সূত্র জানিয়েছে, যদি যুক্তরাষ্ট্রের পদক্ষেপ ব্রাজিলের ‘অর্থনৈতিক পারস্পরিকতা আইন’-এর আওতায় পড়ে, তাহলে প্রতিশোধমূলক শুল্ক আরোপসহ বিভিন্ন ব্যবস্থা নেওয়া হতে পারে। গত এপ্রিলে পাস হওয়া এই আইন সরকারকে একতরফা ক্ষতির জবাবে পদক্ষেপ নেওয়ার ক্ষমতা দেয়।
ব্রাজিল ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রকে সম্ভাব্য প্রতিশোধমূলক পদক্ষেপ সম্পর্কে অবহিত করেছে। তবে আলোচনার পথ এখনও খোলা রয়েছে বলে জানিয়েছে কূটনৈতিক মহল। এদিকে, দুই দেশের সম্পর্ক যুক্তরাষ্ট্রের শুল্ক কার্যকর হওয়ার পর থেকে উত্তেজনার মধ্যে রয়েছে।
উল্লেখ্য, ব্রাজিলের সঙ্গে যুক্তরাষ্ট্রের ২০২৪ সালে ২৯.৬ বিলিয়ন ডলারের বাণিজ্য উদ্বৃত্ত ছিল। ব্রাজিল যুক্তরাষ্ট্র থেকে স্টিল-ভিত্তিক পণ্য, শিল্প যন্ত্রপাতি ও মহাকাশ শিল্পের সরঞ্জাম আমদানি করে। ট্রাম্প তার মিত্র জাইর বলসোনারোর বিরুদ্ধে বিচারকে শুল্ক আরোপের কারণ হিসেবে উল্লেখ করেছেন। ব্রাজিল এই বিরোধ মীমাংসার জন্য ইতোমধ্যেই বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) শরণাপন্ন হয়েছে।

কীওয়ার্ডস:ব্রাজিল যুক্তরাষ্ট্র শুল্ক,ট্রাম্প বাণিজ্য যুদ্ধ,ব্রাজিল পাল্টা ব্যবস্থা,ডব্লিউটিও ব্রাজিল যুক্তরাষ্ট্র,বাণিজ্য বিরোধ ২০২৪


এ জাতীয় আরো খবর