পূর্বঘোষিত ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর শাহবাগে প্রকৌশল শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
বুধবার (২৭ আগস্ট) দুপুর পৌনে ২টার দিকে শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধে।
এসময় ব্যারিকেড ভেঙে এগোতে চাইলে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে।
এর আগে, তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো শাহবাগে জড়ো হয়ে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
তারা দুপুর ১টার মধ্যে দাবি মেনে প্রজ্ঞাপন জারির আল্টিমেটাম দেন, অন্যথায় সচিবালয় ঘেরাওয়ের হুমকি দেন।
প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবিগুলো হলো—
১। ইঞ্জিনিয়ারিং ৯ম গ্রেড বা সহকারী প্রকৌশলী পদে নিয়োগের ক্ষেত্রে ন্যূনতম বিএসসি ডিগ্রিধারী হতে হবে এবং সবাইকে সমানভাবে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
কোনো কোটা বা সমমান পদ তৈরি করে পদোন্নতির সুযোগ দেওয়া যাবে না।
২। টেকনিক্যাল ১০ম গ্রেড বা উপ-সহকারী প্রকৌশলী পদে ডিপ্লোমা ও বিএসসি ডিগ্রিধারীদের জন্য নিয়োগ পরীক্ষা উন্মুক্ত রাখতে হবে।
৩। বিএসসি ডিগ্রি ছাড়া প্রকৌশলী পদবি ব্যবহারকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে হবে এবং নন-অ্যাক্রিডেট বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্সগুলোকে যথাযথভাবে IEB-BAETE অ্যাক্রিডেশনের আওতায় আনতে হবে।
কীওয়ার্ডস:শাহবাগ বিক্ষোভ,প্রকৌশল শিক্ষার্থী,কোটা সংস্কার,ঢাকা লংমার্চ,পুলিশ সংঘর্ষ