রাজধানী ঢাকায় চলাচলকারী সব বাস এখন থেকে একক ব্যবস্থায় চলবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং।
মঙ্গলবার (২৬ আগস্ট) দিবাগত রাতে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ঢাকার বাস পরিবহন দীর্ঘদিন ধরে অনিয়ন্ত্রিতভাবে চলছে। এতে প্রতিদিন যাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছেন—যানজট, দুর্ঘটনা, ভাড়ায় প্রতারণা ও বিশৃঙ্খলা এ খাতের বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে।
বিশেষ করে নারী, শিশু ও প্রবীণদের জন্য বাসে ওঠা নামা অনেক কষ্টসাধ্য হয়ে পড়েছে।
প্রেস উইং আরও জানায়, ঢাকার যানজটের অন্যতম কারণ হলো অকার্যকর রুটে বাস চলাচল। এ কারণে প্রতিবছর প্রায় ৩৭ হাজার কোটি টাকার ক্ষতি এবং প্রতিদিন ৩২ লাখ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে।
সব বাস একক একটি ব্যবস্থার অধীনে চলবে এবং সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে নির্ধারিত রুট ও স্টপেজ মেনে চলতে হবে। এতে রুট শৃঙ্খলা আসবে, ভাড়ায় প্রতারণা কমবে এবং যাত্রীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাবে।
এর ফলে ঢাকার গণপরিবহন আরও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।
কীওয়ার্ডস:ঢাকা বাস ব্যবস্থা,একক বাস সার্ভিস,যানজট সমাধান,গণপরিবহন সংস্কার,অন্তর্বর্তী সরকারের ঘোষণা