যদি ভাবো উপেক্ষাতেই বশ করেছো
ভুল ভেবেছো ।
এই দ্যাখোনা , ভেক ধরেছি , জেদ ধরেছি
হরেক রকম রঙ দিয়ে এই
মুখ ভরেছি ।
বেশ করেছি , বেশ করেছি ৷
খাঁটি জিনিস কপালে নেই
হাঁটু মুড়বো স্বভাবে নেই
মুখ ঘুরিয়ে সটান হাঁটি
নিজের কবর নিজেই কাটি ।
তুমি ভাবছো বশ করেছো উপেক্ষাতে ?
ভুল ভেবেছো ।
এখন আমি ভেক ধরেছি , জেদ ধরেছি
তোমার ছকেই খেলবো বলে
ছক ছকেছি ।
বেশ করেছি , বেশ করেছি ।