বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

মন্টানায় ছোট বিমানের দুর্ঘটনা, আগুনে ক্ষতিগ্রস্ত একাধিক বিমান

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৫-০৮-১২ ১৩:২৮:৪৪
ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্রের মন্টানায় একটি ছোট বিমান অবতরণের সময় ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে।
স্থানীয় সময় সোমবার (১১ আগস্ট) দুপুরে ক্যালিস্পেল সিটি বিমানবন্দরে অবতরণের চেষ্টা করার সময় বিমানটি রানওয়েতে দাঁড়িয়ে থাকা একাধিক বিমানে ধাক্কা দেয়, যার ফলে আগুন ছড়িয়ে পড়ে। তবে প্রাণহানির ঘটনা ঘটেনি।
ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এবং ক্যালিস্পেল পুলিশ জানায়, চার যাত্রী বহনকারী সিঙ্গেল ইঞ্জিনের সোসাটা টিবিএম ৭০০ টার্বোপ্রপ বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং সরাসরি রানওয়েতে পার্ক করা বিমানের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষের পর আগুন দ্রুত ঘাসে ছড়িয়ে পড়লেও ফায়ার সার্ভিসের তৎপরতায় তা নিয়ন্ত্রণে আসে।
ক্যালিস্পেল ফায়ার চিফ জে হ্যাগেন জানান, যাত্রীরা দুর্ঘটনার পর নিজ উদ্যোগে বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হন। দুজন যাত্রী সামান্য আহত হন এবং বিমানবন্দরে প্রাথমিক চিকিৎসা নেন।
জাতীয় পরিবহন সুরক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, বিমানটি ওয়াশিংটনের পুলম্যান থেকে উড্ডয়ন করেছিল। ২০১১ সালে নির্মিত এ বিমানটি পুলম্যানের মিটার স্কাই এলএলসির মালিকানাধীন।
এ ঘটনায় বিমানবন্দরের নিরাপত্তা প্রটোকল নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, রানওয়েতে পার্ক করা বিমানের অবস্থান এবং অবতরণের সময় ভিজিবিলিটি চেক আরও কঠোর করা প্রয়োজন।

 


এ জাতীয় আরো খবর