মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬

ভারত–মার্কিন সম্পর্কে নতুন টানাপড়েন: ট্রাম্পের সমালোচনা, মোদির কূটনৈতিক ভারসাম্য রক্ষা

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৫-০৮-১২ ১০:২৮:১২
ফাইল ছবি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যে ভারত–মার্কিন কূটনৈতিক সম্পর্কে নতুন করে টানাপড়েন দেখা দিয়েছে। রাশিয়ার সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্ক অব্যাহত রাখায় অসন্তোষ প্রকাশ করে ট্রাম্প দাবি করেছেন, এই আয়ের একটি অংশ রাশিয়া ইউক্রেন যুদ্ধে ব্যয় করছে। এর জেরে ওয়াশিংটন ভারতীয় পণ্যে অতিরিক্ত শুল্ক আরোপ করেছে।
নিউইয়র্ক টাইমস, গার্ডিয়ান এবং রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এই পরিস্থিতি দক্ষিণ এশিয়ার কূটনীতিতে বড় ধরনের চাপের সৃষ্টি করেছে। অপরদিকে ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, নয়াদিল্লি দেশের স্বার্থ রক্ষায় কোনো আপস করতে রাজি নয়।
এই প্রেক্ষাপটে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাম্প্রতিক কূটনৈতিক উদ্যোগ আন্তর্জাতিক মনোযোগ কাড়ছে। সোমবার তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বলেছেন। এর আগে গত সপ্তাহে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও ফোনালাপ করেন মোদি।
বিশ্লেষকদের মতে, এই দুই শীর্ষ নেতার সঙ্গে ধারাবাহিক যোগাযোগের মাধ্যমে মোদি স্পষ্ট বার্তা দিচ্ছেন যে ভারত নিরপেক্ষ অবস্থান ধরে রেখে উভয় পক্ষের সঙ্গেই আলাপ চালিয়ে যেতে চায়। যদিও যুক্তরাষ্ট্রের শুল্কনীতি ভারতের জন্য অর্থনৈতিক চ্যালেঞ্জ তৈরি করছে, নয়াদিল্লি এখনো সরাসরি কোনো সংঘাতে না গিয়ে ‘ভারসাম্যপূর্ণ কূটনীতি’ বজায় রাখছে।
ভারতের অবস্থান পরিষ্কার—দেশের বাণিজ্যনীতি স্বার্থনির্ভর, কোনো বাইরের চাপেই তা বদলাবে না। রাশিয়ার সঙ্গে দীর্ঘমেয়াদি কৌশলগত সম্পর্ক ধরে রাখা এবং পশ্চিমা দেশগুলোর সঙ্গে প্রযুক্তি ও অর্থনৈতিক অংশীদারিত্ব বজায় রাখা—দুটো পথই খোলা রাখছে নয়াদিল্লি।
তবে অর্থনৈতিক বাস্তবতা কঠিন। যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপে ভারতীয় পণ্যের প্রতিযোগিতা ক্ষমতা কমে গেলে রপ্তানি খাত ক্ষতিগ্রস্ত হতে পারে। এমন পরিস্থিতিতে ভারতকে বিকল্প বাজার খোঁজা ও নতুন বাণিজ্যিক অংশীদার খুঁজে বের করতে হবে।
দক্ষিণ এশিয়ায় ভারতের ভূ-রাজনৈতিক প্রভাব এখনো শক্তিশালী থাকলেও এই দ্বৈত ভারসাম্য কতদিন বজায় থাকবে, তা নির্ভর করবে ওয়াশিংটনের পরবর্তী নীতি ও রাশিয়া–ইউক্রেন যুদ্ধের অগ্রগতির ওপর।

 


এ জাতীয় আরো খবর