মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

৫০ হাজার নাগরিকত্ব বাতিল করছে কুয়েত

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৫-০৮-১১ ২৩:৩৩:১১
ছবি: সংগৃহীত।

কুয়েত সম্প্রতি প্রায় ৫০ হাজার মানুষের নাগরিকত্ব বাতিল করেছে বলে জানিয়েছেন দেশটির প্রথম উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ সউদ আল সাবাহ। আল-কাবাস পত্রিকাকে তিনি জানান, কয়েকটি দেশের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বহু প্রতারক শনাক্ত করা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে কুয়েতের সব নাগরিকত্বের নথি পর্যালোচনা চলছে। সাবেক ও বর্তমান সাংসদ ও মন্ত্রীরাও এই তদন্তের আওতায় রয়েছেন।
আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম দ্য ন্যাশনাল জানায়, এই অভিযান মূলত অবৈধভাবে কুয়েতের নাগরিকত্ব পাওয়া বিদেশিদের টার্গেট করছে। এক বছরেরও বেশি সময় আগে গঠিত সর্বোচ্চ কমিটি এসব মামলার বৈধতা যাচাই করছে।
চলতি বছর অভিযানের গতি বাড়ায় প্রায় ৫০ হাজার নাগরিকত্ব বাতিল হয়েছে। এছাড়া শিগগিরই নতুন ই-ন্যাশনালিটি কার্ড চালুর ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
কুয়েত দ্বৈত নাগরিকত্ব অনুমোদন করে না, অর্থাৎ কুয়েতের নাগরিক হতে হলে পূর্বের নাগরিকত্ব ত্যাগ করতে হয়। বর্তমানে দেশটির মোট জনসংখ্যা প্রায় ৫০ লাখ, যার অধিকাংশই বিদেশি।
এ উদ্যোগের মূল লক্ষ্য প্রতারকদের নাগরিকত্ব বাতিল করা হলেও কিছু ক্ষেত্রে ‘রাষ্ট্রের উচ্চ স্বার্থে’ও এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


কীওয়ার্ডস: কুয়েত নাগরিকত্ব, নাগরিকত্ব বাতিল, মধ্যপ্রাচ্য, অভিবাসন, প্রতারণা


এ জাতীয় আরো খবর