সোমবার, জুলাই ২৭, ২০২৬

নাইজেরিয়ায় রানওয়েতে দাঁড়িয়ে উড়োজাহাজ থামাতে গিয়ে গায়ক কোয়াম ওয়ান ‘নো-ফ্লাই লিস্টে’

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৫-০৮-০৮ ০০:২০:৩০
ছবি সংগৃহিত

নাইজেরিয়ার বিখ্যাত ফুজি সংগীতশিল্পী কোয়াম ওয়ান ওরফে কিং ওয়াসিউ আয়িন্দে মার্শালকে নো-ফ্লাই লিস্টে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্লেনে ওঠার অনুমতি না পেয়ে ক্ষুব্ধ হয়ে তিনি বিমান চলাচলে হস্তক্ষেপ করার চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে।
ঘটনাটি ঘটে নাইজেরিয়ার আবুজা আন্তর্জাতিক বিমানবন্দরে। মঙ্গলবার তিনি ভ্যালুজেটের একটি ফ্লাইটে করে আবুজা থেকে লাগোস যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তবে নিরাপত্তা বিধি লঙ্ঘনের দায়ে বোর্ডিংয়ের অনুমতি না পাওয়ায় তিনি রীতিমতো রণক্ষেত্র বানিয়ে ফেলেন রানওয়ে।
নাইজেরিয়ার বিমান পরিবহনমন্ত্রী ফেস্টাস কেয়ামো এক বিবৃতিতে জানান, বোর্ডিং চলাকালে নিরাপত্তাকর্মীরা কোয়াম ওয়ানকে জানান যে, তিনি তার সঙ্গে আনা একটি ফ্লাস্ক বিমানে নিতে পারবেন না। তখন তিনি নিরাপত্তাকর্মীর গায়ে সেই ফ্লাস্কের তরল ঢেলে দেন, যা পরে জানা যায় মদ ছিল।
এরপর তিনি প্লেনে ওঠার অনুমতি না পেয়ে দৌঁড়ে রানওয়ে পর্যন্ত চলে যান এবং চলন্ত বিমানের সামনে দাঁড়িয়ে যান যাতে উড়োজাহাজটি ট্যাক্সি করতে না পারে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, গায়ক মার্শাল প্লেনের সামনে দাঁড়িয়ে পড়ছেন এবং বিমানের পাখার ধাক্কা এড়াতে নিচু হয়ে যাচ্ছেন। এমন ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ডের ফলে নিরাপত্তা জোরদার করা হয় পুরো এলাকায়।
পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে মন্ত্রী কেয়ামো জানিয়েছেন, গায়ক কোয়াম ওয়ানকে নো-ফ্লাই লিস্টে রাখা হয়েছে। একইসঙ্গে এই ফ্লাইটের ক্যাপ্টেন ও পাইলটের লাইসেন্সও সাময়িকভাবে স্থগিত করা হয়েছে—এই ঘটনার সময় তাদের তৎপরতা ও সিদ্ধান্ত নিয়ে তদন্ত হচ্ছে।
মন্ত্রী বলেন, “আমার ধারণা, এটি দুই পক্ষেরই মানসিক ভারসাম্যহীনতা ও নিয়ন্ত্রণ হারানোর ঘটনা ছিল। অথচ এটি একটি ভয়াবহ বিমান দুর্ঘটনার কারণ হতে পারত।”
৬৭ বছর বয়সী কিং ওয়াসিউ আয়িন্দে মার্শাল ফুজি সংগীতের অন্যতম প্রাণপুরুষ হিসেবে নাইজেরিয়ায় সুপরিচিত। বিশেষ করে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে তার বিশাল জনপ্রিয়তা রয়েছে। ইয়োরুবা সংস্কৃতি থেকে উঠে আসা এই ঘরানার গান তাকে এনে দিয়েছে জাতীয় স্বীকৃতি ও রাজনৈতিক প্রভাব।
তিনি নাইজেরিয়ার বর্তমান প্রেসিডেন্ট বোলা টিনুবুর ঘনিষ্ঠ সমর্থক। ক্ষমতাসীন অল প্রগ্রেসিভ কংগ্রেস (APC) দলের রাজনৈতিক মঞ্চে নিয়মিত সংগীত পরিবেশন করেন তিনি। এমনকি ২০২৩ সালে টিনুবুর শপথ অনুষ্ঠানে প্রধান পরিবেশক ছিলেন কোয়াম ওয়ান।
ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর নাইজেরিয়ার সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় বইছে। অনেকেই প্রশ্ন তুলেছেন—একজন প্রভাবশালী শিল্পীর এমন বেপরোয়া ও দায়িত্বহীন আচরণ ভবিষ্যতে বিমান নিরাপত্তার জন্য কী ধরনের ঝুঁকি তৈরি করবে?
নাইজেরিয়ান ফেডারেল এয়ারপোর্ট অথরিটির মুখপাত্র ওবিয়াগেলি ওরাহ জানিয়েছেন, এই ঘটনার পর সব ফ্লাইটে বোর্ডিং প্রক্রিয়া ও নিরাপত্তা তল্লাশি আরও জোরদার করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে যাত্রীদের আচরণ মূল্যায়নের জন্যও নতুন নীতিমালা প্রণয়নের কাজ শুরু হয়েছে।
এই ঘটনায় পেশাদারিত্বের প্রশ্ন যেমন উঠেছে, তেমনি বিমানের নিরাপত্তা ও নাগরিক সচেতনতার গুরুত্ব নিয়েও চলছে ব্যাপক আলোচনা।

কীওয়ার্ডস:নাইজেরিয়া বিমানবন্দর,কোয়াম ওয়ান,নো-ফ্লাই লিস্ট,বিমান নিরাপত্তা,ফুজি সংগীত


এ জাতীয় আরো খবর