সোমবার, নভেম্বর ২৩, ২০২৬

মোখলেসুর রহমানের (সিধু ভাই) সাক্ষাত্কারভিত্তিক রচনা 'আমার জীবন-কথা ও সময়'

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৩-০৮-২১ ১৯:৫৩:১৮

[মোখলেসুর রহমান ১৯২১ সালে রংপুর জেলার নীলফামারী মহকুমার ডিমলা থানার খগাখড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর ডাক নাম সিধু মিয়া। তিনি ছিলেন এক বিত্তশালী পরিবারের সন্তান। কিন্তু তাঁদের পরিবার জোতদার হিসেবে পরিচিত ছিল। উত্তরবঙ্গের তেভাগা আন্দোলনের একজন প্রত্যক্ষদর্শী ছিলেন। পড়াশোনা সমাপ্ত করেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। কর্মজীবনে তিনি কলকাতা, ঢাকা ও চট্রগ্রামে ছিলেন অনেক দিন। পরবর্তী সময়ে চাকরি ছেড়ে দিয়ে ব্যবসা শুরু করেন। দেশভাগ-পরবর্তী সময়ে তিনি পূর্ব বাংলার সব রাজনৈতিক আন্দোলনে কখনো প্রত্যক্ষ, আবার কখনো পরোক্ষভাবে অংশগ্রহণ করেছেন। ১৯৭৫-এর রাজনৈতিক পট-পরিবর্তনের পর থেকে তাঁর ভাই মসিউর রহমান (যাদু মিয়া) রাজনীতিতে সক্রিয় ছিলেন। তিনি তাঁর ভাইকে বুদ্ধি-পরামর্শ সহযোগিতা করেছেন। একজন রাজনীতিসচেতন ব্যক্তি হওয়া সত্ত্বেও কখনো সক্রিয় রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেননি। বাংলাদেশের সব রাজনৈতিক নেতার সঙ্গে ছিল তাঁর নিবিড় যোগাযোগ।

এ সাক্ষাত্কারে বিদ্রোহী কবি নজরুল ইসলাম, শ্যামা-হক মন্ত্রিসভা গঠন, প্রেসিডেন্ট ইয়াহিয়া কর্তৃক অ্যাডমিরাল আহসানকে পূর্ব পাকিস্তানের গভর্নর পদে নিয়োগ, পাকিস্তান সরকারের সঙ্গে শিল্পপতি আমিন ও আদমজীর রাজনৈতিক সম্পর্ক, তত্কালীন পশ্চিম পাকিস্তানের অর্থ মন্ত্রণালয়ের বিভিন্ন নীতি, ব্যবসা-বাণিজ্যে অবাঙালিদের একচেটিয়া সুযোগ-সুবিধা প্রদানের কথা ইত্যাদি বিষয়ের পাশাপাশি ২১ ফেব্রুয়ারির ঘটনা, মুখ্যমন্ত্রী নুরুল আমিনের মূল্যায়ন, ভাসানীর কথা, বিএনপির গঠন, জিয়াউর রহমানের সঙ্গে তাঁর ভাই যাদু মিয়ার সম্পর্ক, বঙ্গবন্ধুর সঙ্গে যাদু মিয়ার সম্পর্ক ইত্যাদি নানা বিষয়ে তিনি গুরুত্বপূর্ণ ঐতিহাসকি তথ্য উপস্থাপন করেছেন। বাংলাদেশের জাতীয় যাদুঘরের কথ্য ইতিহাস প্রকল্পের আওতায় সাক্ষাত্কারটি গ্রহণ করেছিলেন জাতীয় অধ্যাপক প্রয়াত সরদার ফজলুল করিম ও মুস্তফা নূরউল ইসলাম। গৃহীত সাক্ষাত্কারের ভিত্তিতেই বর্ণনা আকারে এ রচনাটি ছাপা হলো। আর প্রকল্পটির সমন্বয়কারী ছিলেন ইতিহাসবিদ ড. সালাউদ্দিন আহমেদ।)

পর্ব-৪ (গতকালের পর)


৯. যুক্তফ্রন্ট গঠন ও যাদু মিয়া প্রসঙ্গ
এবার মওলানা ভাসানী সম্পর্কে কিছু কথা বলি। যুক্তফ্রন্টের৫ প্রতি আমার সহানুভূতি ছিল। যদিও আমার আত্মীয়স্বজন কিংবা বন্ধু-বান্ধবদের সবাই মুসলিম লীগে ছিল এবং যুক্তফ্রন্টের বিজয়ে আমি আন্তরিকভাবে খুশি হয়েছিলাম।
চুয়ান্ন সালে যুক্তফ্রন্টের বিজয়ে আমি খুশি হলেও তারপর ফ্রন্টের তিন প্রধান নেতা মিলে যেসব ঘটনা ঘটিয়ে চলেন, তাতে আমি রাজনীতিতে যতখানি এঁদের সঙ্গে অ্যাসোসিয়েটেড হব বলে ভেবেছিলাম, সবকিছু দেখে আমি আবার পিছিয়ে গেলাম। ভেবেছিলাম মওলানা সাহেব যদি নিজে কোনো দিন দল করেন, আর সেটা যদি কোনো আদর্শভিত্তিক দল হয়, তাহলে তাঁর সঙ্গে আমি যুক্ত হব। আওয়ামী লীগের কাউন্সিলে সংশোধনী করার পরপরই উনি বেরিয়ে এলেন দল থেকে। সংশোধনী দুটো হলো যে স্বাধীন নিরপেক্ষ বৈদেশিক নীতির ভিত্তিতে যে সংশোধনীটা হলো, সেই থেকে সম্পর্ক ছিন্ন করে যখন তিনি ন্যাপ সংগঠিত করবেন বলে ঠিক করলেন, তখন আমি তাঁর সঙ্গে দেখা করি এবং মওলানাকে বলি যে আপনি যদি কোনো পার্টি করেন, তাহলে আমি তার সঙ্গে যুক্ত থাকতে চাই। যাই হোক, উনি বললেন, ঠিক আছে। যখনই ন্যাপের মিটিং হয় তখনই আমি যাদু মিয়াকে৬ রংপুর থেকে নিয়ে আসি এবং যাদু মিয়ার সঙ্গে রংপুরের অনেক মুসলিম লীগের লোক এসে ন্যাপে যোগ দেন।
তাঁর সঙ্গে যোগ দেওয়ার পর আমাকে ন্যাপের কেন্দ্রীয় কমিটির যে সিটটা উনি অফার করেছিলেন, আমি বললাম যে এটা আমার চেয়ে বরং যাদু মিয়াকে দেওয়া উচিত। কারণ, তিনি মুসলিম লীগের ওয়ার্কিং কমিটির মেম্বার এবং ডিস্ট্রিক্ট বোর্ডের চেয়ারম্যান। তিনি যখন এত কিছু ছেড়েছুড়ে দিয়ে আপনার কাছে এলেন, তখন তাঁকেই এটা দেওয়া উচিত। যাদু মিয়ার সঙ্গে মওলানার আগে কোনো ধরনের যোগাযোগ ছিল না। আমি তাকে তাঁর কাছে নিয়ে আসি। বলতে গেলে আমিই তাকে রাজনৈতিকভাবে প্রভাবিত করে নিয়ে আসি এবং সেই সময় রংপুরে যাঁরা মুসলিম লীগের রাজনীতি করতেন, তাঁদের মধ্যে অসাম্প্রদায়িক বলে আমাদের একটা পরিচিতি ছিল। সে জন্যই রংপুরের যাঁরা অন্যান্য হিন্দু লিডার ছিলেন, তাঁরাও যাদু মিয়াকে পছন্দ করতেন। ন্যাপ যে একটা অসাম্প্রদায়িক রাজনৈতিক দল হিসেবে গড়ে উঠবে, সে সম্পর্কে সবাই ধারণা করেছিলেন।
রংপুরেও দলটির সমর্থন কম ছিল না। তাঁরাও তাঁকে বললেন ন্যাশনাল আওয়ামী পার্টিতে যেতে এবং তারপর আমি তাঁকে নিয়ে এলাম। যাদু মিয়ার সঙ্গে সঙ্গে তাঁরাও এলেন এবং তাঁদের সঙ্গে অনেক দিন রাজনীতি করেছেন যাদু মিয়া।
ভাসানী সাহেব আমাকে যখন ওয়ার্কিং কমিটির মেম্বার করতে চাইলেন, আমি তখন বললাম যে যাদু মিয়াকে করুন। আমাকে মেম্বার করেন আর না-ই করেন, আমি তো থাকবই; কিন্তু যদি অফিশিয়ালি আপনি কাউকে করতে চান, তাহলে আমাকে না করে তাকে করেন। কারণ, সে এত ত্যাগ স্বীকার করে এসেছে। ফলে যাদু মিয়াকে সেন্ট্রাল ওয়ার্কিং কমিটির মেম্বার করা হলো।

১০. ন্যাপের জনপ্রিয়তা
ন্যাপের সংগঠনের মধ্যে কমিউনিস্ট পার্টির খুব সাংঘাতিক একটা উন্নয়নের সুযোগ ছিল। তখন যাঁরা বামপন্থী ছিলেন, তাঁদের মধ্যে একটা দ্বিধা ছিল। ন্যাপের সদস্য কর্মকর্তাদের অধিকাংশই বামপন্থী ছিলেন। মওলানা সাহেব যে সমর্থন তুলে নিলেন আতাউর রহমানের সরকারের ওপর থেকে, এ নিয়ে একটা দ্বিধা ছিল। আমার নিজেরও দ্বিধা ছিল। ব্যাপারটা নিয়ে মিটিংয়ে অনেক দিন আলাপ-আলোচনা করা হয়েছে এবং শেষ পর্যন্ত মওলানা সাহেব এবং তাঁর সঙ্গে পশ্চিম পাকিস্তানি যেসব লিডার ছিলেন, তাঁরা এটা চাপিয়ে দিয়েছিলেন এবং আমরাও তখন একটা নতুন ধরনের রাজনীতি করতে যাচ্ছি বলে ভেবেছি। ভেবেছি ইস্ট অ্যান্ড ওয়েস্ট পাকিস্তান মিলে রাজনীতি করলে মন্দ কি! কিন্তু একটা প্রাদেশিক সরকারের কেন পতন ঘটানো হবে, তার পক্ষে কোনো যুক্তি খুঁজে পেতাম না। কেন তাকে স্বাধীন ও নিরপেক্ষ বৈদেশিক নীতি (ইনডিপেনডেন্ট অ্যান্ড নিউট্রাল ফরেন পলিসি) মানতে হবে। এ জন্য প্রাদেশিক সরকারকে (প্রভিন্সিয়াল গভর্নমেন্টকে) কেন ফেল করানো হবে? সেদিন আমরা অনেক রাত পর্যন্ত ছিলাম মওলানা সাহেবের সঙ্গে। এর আগে চার-পাঁচ দিন ধরে নানা ধরনের আলাপ-আলোচনা চলছিল।
এ রকমের একটা প্রশ্ন উঠতে পারে যে আওয়ামী লীগ থেকে বেরিয়ে আসাটা ঠিক হয়েছিল কি না? আমি মনে করি যে ঠিক হয়েছিল। কারণ, আওয়ামী লীগ তখন লেজুড়বৃত্তির রাজনীতি শুরু করে দিয়েছিল। সোহরাওয়ার্দী সাহেবের সেই মন্তব্য ‘জিরো প্লাস জিরো’ তারপর তখনকার পূর্ব পাকিস্তান (আজকের বাংলাদেশ) প্রাদেশিক স্বায়ত্তশাসন শতকরা ৯৮ ভাগ পেয়ে গেছে। আমি চিফ মিনিস্টার—এসব বুলির কারণে আওয়ামী লীগের সেই যে একটা ভাবমূর্তি ছিল, যে জন্য আওয়ামী লীগের প্রতি মানুষ আকৃষ্ট হচ্ছিল, সেই জিনিসটা চলে গিয়েছিল এবং সেই জিনিসটাই ন্যাপ তুলে ধরল। সেটা তুলে ধরাতেই ন্যাপের জনপ্রিয়তাও খুব বাড়ছিল।

১১. ভাসানী ও যুক্তফ্রন্ট প্রসঙ্গ
শেখ মুজিবের সঙ্গে আমার পার্সোনাল কোনো যোগাযোগ ছিল কি না, এ রকমের প্রশ্নের জবাবে বলতে হয়— আইয়ুববিরোধী যে ছাত্র আন্দোলনটা শুরু করা হয়, ব্যক্তিগতভাবে বলতে গেলে বলতে হয় আমি সেই ছাত্র আন্দোলনের সঙ্গে খুব নিবিড়ভাবে জড়িত ছিলাম। ছাত্র না হলেও।
আমার ছাত্রত্ব শেষ হয়ে গিয়েছিল ১৯৪২ সালে। আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ছাত্র।
ফজলুল হক সাহেবের নেতৃত্বাধীন শ্যামা-হক মন্ত্রিসভার৭ বিরুদ্ধে নানা রকম প্রতিবাদ করেছিলাম বলে আমাকে রাসটিকেট করা হয়েছিল। যা-ই হোক মওলানা সাহেব সমর্থন তুলে নেওয়ার পর আমরা কিন্তু মওলানা সাহেবকে একটাই কন্ডিশন দিয়েছিলাম এই বলে যে ‘দেখেন, আপনি যখন একটা সরকারের পতন ঘটাচ্ছেন, তখন এটা আমাদের নৈতিক দায়িত্ব যে আরেকটা সরকার আমরা আনব। বিকল্প সরকার আমরা জনগণকে দেব। আমরা সেই সরকারে অংশগ্রহণ করি কি না করি, সেটা হলো অন্য কথা। কিন্তু একটা সরকার আমাদের আনতেই হবে। সংসদীয় ব্যবস্থাটা আমরা বজায় রাখব।’ মওলানা সাহেবের একটা চরিত্র ছিল, এটা কেন উনি করতেন আমি জানি না, সংকটের সময় তিনি নিখোঁজ হয়ে যেতেন। আমরা তাঁকে বারবার এ কথাটাই বললাম যে আপনি কিন্তু থাকবেন। আপনি ঢাকা থেকে যাবেন না। তখন উনি রয়েল স্টেশনারির ব্যারিস্টার শওকত আলীর ওখানে থাকতেন। আমরা বাসায় এসেছি। আমার বাসায়ও তিন-চারজন মেম্বার ছিলেন। আমরা ঘুমিয়ে গেছি। ভোর ছয়টার দিকে আমার দরজায় ধাক্কাধাক্কির শব্দ পেলাম। বাইরে থেকে কে যেন দরজা ধাক্কাচ্ছিলেন আর বলছিলেন, ‘উঠেন, উঠেন’।
আমি বলি, কী ব্যাপার?
জানানো হলো যে মওলানা সাহেব তো চলে গেছেন।
আমি তো বিশ্বাসই করতে পারলাম না। কী করে মওলানা সাহেব গেলেন। আমরা তো এগারোটার সময় এলাম।
আগত ব্যক্তি জানালেন, না, এগারোটা চল্লিশে যে বাহাদুরাবাদ ট্রেন আছে, সেই ট্রেনে চেপে উনি চলে গেছেন।
বলি, কোথায় গেছেন?
বলেন, পাঁচবিবিতে।
তখন আমি বললাম, আমি কী করতে পারি?
বললেন, আপনাকে এখন যেতে হবে মওলানা সাহেবকে আনার জন্য।
আমি বললাম যে এটা অসম্ভব। আমি যেতে পারব না। শওকতকে পাঠাও।
বললেন, না, শওকত বলছে, সে যেতে পারবে না।
তারা এত জেদ ধরে বসল যে শেষে আমি বলতে বাধ্য হলাম যে আমি কিন্তু আপনাদের কাছ থেকে একটা অনুমতি চাই। মওলানা সাহেবকে তো আমি জোর করে আনতে পারব না। উনি যদি না আসতে চান, তাহলে হয় আমি মওলানা সাহেবকে নিয়ে আসব অথবা তাঁর পদত্যাগপত্র নিয়ে আসব। দুটোর একটা করব। যা-ই হোক সে অনেক ঘটনা। আমি যখন সকালবেলা পাঁচবিবিতে মওলানা সাহেবের কাছে গেলাম, গিয়ে আমগাছের নিচে মাচায় বসে খবর পাঠালাম। কিছুক্ষণ পর মওলানা সাহেব এলেন।
এসে বললেন, ‘সিধু, তুমি?’
আমি বললাম, আপনি তো কাউকে না বলেই চলে এলেন। ব্যাপারটা কী বলেন তো? আপনি একটা পার্টির প্রেসিডেন্ট, আপনার কথামতো সমর্থন তুলে নিয়ে একটা সরকারের আমরা পতন ঘটালাম। বিকল্প একটা সরকার গঠন না করেই আপনি চলে এলেন?
তিনি বললেন, ‘হ্যাঁ, আমাকে এসে হামিদুল হক চৌধুরী৮ আর ফরিদ আহমেদ৯, তারা খবর দিল যে তারা জয়েন্ট ইলেকটরেটে রাজি না। মানে আগে চুক্তি ছিল যে তারা জয়েন্ট ইলেকটরেট করবে কিন্তু এখন তারা জয়েন্ট ইলেকটরেটে রাজি না। নেজামে ইসলাম পার্টি না। তারা আপত্তি করেছে। কাজেই কোনো সরকার হয় না। সুতরাং সে প্রস্তাব এখন বাদ দিতে হবে। আমি তাই বিরক্ত হয়ে চলে এসেছি।’
আমি বললাম, আপনি একটা পার্টির প্রেসিডেন্ট। এ রকম একটা সংকটের মুহূর্তে আপনি চলে এলেন, এটা তো হতে পারে না। আপনাকে যেতে হবে। বললেন, ‘না, আমি আর গিয়ে কী করব?’ তখন আমি সত্যি সত্যি খুবই মর্মাহত হলাম। একটা দলের প্রেসিডেন্টের কাছ থেকে এ রকম একটা জিনিস আমি আশাই করতে পারিনি। পার্টিকে এ রকম একটা অনিশ্চয়তার মধ্যে রেখে দলের প্রধান নিজে সরে আসেন। ব্যাপারটা আমি কোনোভাবেই মেনে নিতে পারছিলাম না। আমি যাওয়ার সময়ই ওদের যেমন বলেছিলাম যে আমি উনার পদত্যাগপত্র নিয়ে আসব। সেই মর্মে আমি একটা পদত্যাগপত্র তৈরি করে নিয়ে গিয়েছিলাম। আমি যখন কয়েকবার বলার পরও উনাকে রাজি করাতে পারলাম না, আমি তখন তাঁকে বললাম, ঠিক আছে যাবেন না যখন, তখন এইটা একটু সই করে দিন।
উনি কাগজটা পড়ে আমাকে বললেন, ‘এটা কী?’
আমি বললাম, এটা তো আপনার পদত্যাগপত্র। হয় আপনি যাবেন, না হয় আপনার পদত্যাগপত্র নিয়ে যাব।
তখন তিনি বললেন, ‘আচ্ছা বসো।’ ১০-১৫ মিনিট পর তাঁর টিনের সুটকেস নিয়ে বের হয়ে বললেন, ‘চলো যাই।’ সূত্র-প্রতিচিন্তা।

(চলবে)

 


এ জাতীয় আরো খবর