বুধবার, এপ্রিল ২৯, ২০২৬

তারেক রহমানের অঙ্গীকার: ৫ আগস্ট হোক গণতন্ত্র ও মানবিকতার শপথের দিন

  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২৫-০৮-০৫ ১৩:১৩:৫৫
ছবি সংগৃহিত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামীতে প্রতিটি ৫ আগস্ট স্মরণীয় হয়ে থাকবে গণতন্ত্র, সুশাসন ও মানবিক সমাজ প্রতিষ্ঠার শপথের দিন হিসেবে।
আজ মঙ্গলবার (৫ আগস্ট) সকালে এক ভিডিওবার্তায় তিনি বলেন, “২০২৪ সালের এই দিনে বাংলাদেশ ফ্যাসিবাদ থেকে মুক্ত হয়েছিল। স্বাধীনতাপ্রিয় জনগণের জন্য এটি বিজয়ের দিন। অন্তর্বর্তীকালীন সরকার দিনটিকে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ হিসেবে ঘোষণা করেছে। আগামীতে দিনটি সরকারি ছুটি হিসেবে উদযাপিত হবে।”
তিনি স্মরণ করেন, ফ্যাসিস্ট শাসনের সময় গুম-খুন, নির্যাতন, বিচার বিভাগের অকার্যকারিতা, নির্বাচনী প্রহসন ও অর্থনৈতিক বিপর্যয়ে দেশ নরকে পরিণত হয়েছিল। তাঁর দাবি, পলাতক স্বৈরাচার ‘আয়নাঘর’ নামে গোপন বন্দীখানা তৈরি করে শত শত মানুষকে গুম করেছে।
তারেক রহমান বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে দেড় হাজারের বেশি মানুষ শহীদ হয় এবং প্রায় ৩০ হাজার মানুষ আহত হয়। তিনি উল্লেখ করেন, এই শহীদরা ১৯৭১ সালের মুক্তিযোদ্ধাদের মতোই দেশের স্বাধীনতা রক্ষায় অবদান রেখেছেন।
তিনি আহ্বান জানান, শহীদদের ঋণ পরিশোধ করতে হলে জনগণের ভোটে দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠা করতে হবে। “জাতীয় ঐক্যের মাধ্যমে একটি মানবিক, ইনসাফভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়া সম্ভব,” তিনি বলেন।
তারেক রহমান আরও সতর্ক করেন, ফ্যাসিস্ট শাসনের সঙ্গে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের তুলনা করা ইতিহাস বিকৃতির শামিল। তিনি জোর দিয়ে বলেন, “৫ আগস্টের গণ-অভ্যুত্থান শুধু বাংলাদেশের নয়, বিশ্বের ইতিহাসেও নজিরবিহীন। ফ্যাসিস্টরা পালিয়েছে, কিন্তু তাদের অনুশোচনা নেই।”
বিএনপির এই নেতা প্রত্যয় ব্যক্ত করেন, বাংলাদেশে আর কখনোই ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হবে না। তিনি বিশ্বাস করেন, জাতীয় ঐক্য অটুট থাকবে এবং গণতন্ত্র হত্যার কোনো সুযোগ আর কেউ পাবে না।

কীওয়ার্ডস:
গণ অভ্যুত্থান দিবস, তারেক রহমান, ৫ আগস্ট বাংলাদেশ, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, বিএনপি রাজনৈতিক অঙ্গীকার


এ জাতীয় আরো খবর