রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ এক সিদ্ধান্তে পৌঁছেছে জনতা পার্টি বাংলাদেশ। গত ২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার সন্ধ্যায় দলের কেন্দ্রীয় কমিটির এক গুরুত্বপূর্ণ সভায় নতুন নেতৃত্ব নির্ধারণসহ একাধিক সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন দলের ভাইস চেয়ারম্যান রফিকুল হক হাফিজ এবং সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত মহাসচিব এম এ ইউসুফ। শুরুতেই সদ্য প্রয়াত ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম সারোয়ার মিলন-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। নেতৃবৃন্দ তার রাজনৈতিক অবদান, দল গঠনে ভূমিকা এবং দেশের প্রতি নিষ্ঠার কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তার আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।
সভায় সিদ্ধান্ত হয়, মরহুম মিলনের স্মরণে আগামী ২ মে ২০২৬, শনিবার একটি দোয়া মাহফিলের আয়োজন করা হবে।
একই সভায় সর্বসম্মতিক্রমে দলের উপদেষ্টা শাহ মোহাম্মদ আবু জাফর-কে জনতা পার্টি বাংলাদেশের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়। উপস্থিত নেতারা তার নেতৃত্বে দল আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
সভায় বক্তারা দলকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এছাড়া সভায় উপস্থিত ছিলেন উপদেষ্টা ফোরকান উদ্দিন আহমদ, মোজাম্মেল হক এবং যুগ্ম মহাসচিব নাজমুল আহসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
কি-ওয়ার্ড: জনতা পার্টি,নতুন নেতৃত্ব,দোয়া মাহফিল