বাবর আজম আবারও প্রমাণ করলেন কেন তিনি বিশ্বের সেরা ব্যাটারদের একজন। চলতি Pakistan Super League-এ দ্বিতীয় সেঞ্চুরি করে নতুন ইতিহাস গড়েছেন এই পাকিস্তানি তারকা।
করাচিতে ইসলামাবাদ ইউনাইটেড-এর বিপক্ষে প্রথম কোয়ালিফায়ারে ৫৯ বলে ১০৩ রানের ঝলমলে ইনিংস খেলেন বাবর। তার ইনিংসে ছিল ৪টি ছক্কা ও ১২টি চার। এই ইনিংসের ওপর ভর করে পেশোয়ার জালমি তোলে ২২১ রান। জবাবে ১৫১ রানে গুটিয়ে গিয়ে বড় ব্যবধানে হারে ইসলামাবাদ, আর ৭০ রানের জয়ে ফাইনাল নিশ্চিত করে পেশোয়ার।
এই সেঞ্চুরির মাধ্যমে পিএসএলের ইতিহাসে সবচেয়ে বেশি শতকের মালিক এখন বাবর। তার মোট সেঞ্চুরি দাঁড়াল চারটি, যা ছাড়িয়ে যেতে পারেননি আর কেউ। এতদিন সমান চারটি সেঞ্চুরি ছিল উসমান খান-এর।
স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে বাবরের মোট সেঞ্চুরি এখন ১৩টি। এই ফরম্যাটে সর্বোচ্চ সেঞ্চুরির তালিকায় তিনি দ্বিতীয় স্থানে আছেন, যেখানে শীর্ষে রয়েছেন ক্রিস গেইল (২২টি)।
চলতি আসরে দুর্দান্ত ফর্মে আছেন বাবর। ১০ ইনিংসে দুই সেঞ্চুরি ও তিন ফিফটিতে তার সংগ্রহ ৫৮৮ রান, যা পিএসএলের এক আসরে যৌথভাবে সর্বোচ্চ। এর আগে এই রেকর্ড গড়েছিলেন ফাখার জামান।
এখন সামনে ফাইনাল-আর সেখানে ভালো করতে পারলে এককভাবে সর্বোচ্চ রানের রেকর্ডও নিজের করে নেওয়ার সুযোগ রয়েছে বাবরের সামনে।
কি-ওয়ার্ড: বাবর আজম,পিএসএল রেকর্ড,পেশোয়ার জালমি