মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

কোটি টাকা আত্মসাতের অভিযোগে ফ্লাইট এক্সপার্টের তিন কর্মকর্তা গ্রেপ্তার, এমডি পলাতক

  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২৫-০৮-০৩ ১৩:৪১:০৯

অনলাইন ট্রাভেল এজেন্সি ফ্লাইট এক্সপার্ট-এ কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় প্রতিষ্ঠানের তিন শীর্ষ কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৩ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন মতিঝিল থানার ওসি মেজবাহ উদ্দিন।
গ্রেপ্তার হওয়া কর্মকর্তারা হলেন-
সাকিব হোসেন (৩২), হেড অব ফাইন্যান্স
সাঈদ আহমেদ (৪০), চিফ কমার্শিয়াল অফিসার
এ কে এম সাদাত হোসেন (৩২), চিফ অপারেটিং অফিসার

মামলায় মোট পাঁচজনকে আসামি করা হয়েছে। বাকি দুইজন হলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সালমান বিন রাশিদ শাহ সাঈম এবং তার বাবা এম এ রাশিদ।
গ্রাহক বিপুল সরকার শনিবার রাতে মতিঝিল থানায় মামলা দায়ের করেন। মামলায় উল্লেখ করা হয়েছে, গ্রাহকদের কোটি কোটি টাকা আত্মসাৎ করে প্রতিষ্ঠানটির শীর্ষ কর্তৃপক্ষ বিদেশে পাচার করেছে বলে অভিযোগ। ওসি মেজবাহ উদ্দিন জানান, পলাতক এমডি সালমানকে ধরতে অভিযান চলছে।
সালমানের হঠাৎ পলায়নের পর প্রতিষ্ঠানের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন সাঈদ আহমেদ। সেখানে তিনি উল্লেখ করেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে বার্তা পাঠিয়ে সালমান নিজেই জানিয়েছেন যে তিনি দেশ ছেড়েছেন। পরবর্তীতে অফিসে গিয়ে তার অনুপস্থিতি নিশ্চিত করা হয়।
জিডিতে আরও উল্লেখ করা হয়, গ্রাহকদের অর্থ লেনদেন অনিশ্চয়তায় রয়েছে এবং কর্মীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
গতকাল হঠাৎ করে ফ্লাইট এক্সপার্টের ওয়েবসাইট বন্ধ হয়ে যাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। অসংখ্য গ্রাহক তাদের বুকিং, টিকিট এবং ভ্রমণ পরিকল্পনা নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ চলছে এবং মামলার অগ্রগতি সম্পর্কে শিগগিরই বিস্তারিত জানানো হবে।

কীওয়ার্ডস: ফ্লাইট এক্সপার্ট প্রতারণা মামলা, অনলাইন ট্রাভেল এজেন্সি জালিয়াতি, ফ্লাইট এক্সপার্ট এমডি পলাতক, গ্রাহক অর্থ আত্মসাৎ, মতিঝিল পুলিশ অভিযান


এ জাতীয় আরো খবর