হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় গাছ ফেলে ট্রাকে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (১ আগস্ট) গভীর রাতে উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানসংলগ্ন সুরমা চা-বাগান এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ১২টার দিকে ডাকাতরা রাস্তার মাঝখানে গাছ ফেলে চুনারুঘাট বালুমহাল থেকে মাধবপুরগামী দুটি ট্রাকের গতি রোধ করে। এরপর ট্রাকে থাকা লোকজনের কাছ থেকে মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়। ডাকাতরা কয়েকজনকে মারধরও করে। এ সময় সড়কের দুই প্রান্ত থেকে আসা আরও আটটি গাড়ি আটকে পড়ে।
খবর পেয়ে টহল পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতরা পালিয়ে যায়। পুলিশের দ্রুত উপস্থিতির কারণে অন্য গাড়িগুলোতে তাণ্ডব চালাতে পারেনি ডাকাত দল।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর আলম বলেন, “পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর সঙ্গে সঙ্গে ডাকাতরা পালিয়ে যায়। বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। সড়কের নিরাপত্তা জোরদার করতে নিয়মিত টহল বাড়ানো হয়েছে।”
এদিকে হবিগঞ্জের পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান জানান, “নেটওয়ার্ক সমস্যাসহ নানা কারণে রাত ১১টার পর থেকে ওই সড়কে যানবাহন চলাচল সীমিত রাখতে নির্দেশনা রয়েছে। তবে নিষেধাজ্ঞা অমান্য করে অনেক চালক ঝুঁকি নিয়ে চলাচল করায় এমন ঘটনা ঘটছে। তবু পুলিশ তৎক্ষণাৎ ব্যবস্থা নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।”
ঘটনার পরপরই মাধবপুর ও চুনারুঘাট থানা এবং তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। যদিও এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি, তবে পুলিশ ডাকাত দলের সন্ধানে অভিযান চালাচ্ছে।
কীওয়ার্ডস:
চুনারুঘাট ট্রাক ডাকাতি, হবিগঞ্জ ডাকাতির খবর, সাতছড়ি জাতীয় উদ্যান ডাকাতি, সড়কে গাছ ফেলে ডাকাতি, হবিগঞ্জ পুলিশ অভিযান