জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম দাবি করেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে গত বছরের আগস্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জাতীয় সরকার ও নতুন সংবিধানের প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে তিনি প্রস্তাবে সম্মত হননি।
নাহিদ ইসলাম বৃহস্পতিবার (৩১ জুলাই) তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ পোস্টে এই দাবি করেন। এতে তিনি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাম্প্রতিক বক্তব্যকে ‘সত্য নয়’ বলে উল্লেখ করেছেন।
পোস্টে নাহিদ লেখেন, “৫ আগস্ট রাতের প্রেস ব্রিফিংয়ের পর তারেক রহমানের সাথে আমাদের ভার্চুয়াল মিটিং হয়। সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জাতীয় সরকার ও নতুন সংবিধানের প্রস্তাব দেওয়া হয়। তিনি এ প্রস্তাবে সম্মত হননি। বরং নাগরিক সমাজের সদস্যদের নিয়ে নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার গঠনের পরামর্শ দেন। আমরা তখন ড. মুহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করি প্রধান উপদেষ্টা হিসেবে।”
তিনি আরও জানান, ৭ আগস্ট বিএনপি মহাসচিবের বাসায় অন্তর্বর্তী সরকার ও উপদেষ্টা পরিষদ নিয়ে আলোচনা হয়েছিল। পরবর্তীতে তারেক রহমানের সাথে আরেকটি বৈঠকে উপদেষ্টা পরিষদের সদস্যদের বিষয়ে পর্যালোচনা হয়।
পোস্টে নাহিদ ইসলাম শিবির নেতা সাদিক কায়েমের দাবিকে ‘মিথ্যাচার’ বলে উল্লেখ করেন। তিনি বলেন, “শিবিরের ইনস্ট্রাকশনে আমরা কাজ করেছি— এ অভিযোগ সত্য নয়। আমাদের সংগঠন ‘ছাত্রশক্তি’ গঠিত হয়েছে গুরুবার আড্ডা পাঠচক্র, ঢাবি ছাত্র অধিকার ও জাবির একটি স্টাডি সার্কেলের সমন্বয়ে। শিবিরের সাথে যোগাযোগ ছিল, কিন্তু রাজনৈতিক প্রক্রিয়ায় তারা যুক্ত ছিল না।”
নাহিদ ইসলাম সেনাবাহিনী সম্পর্কেও বিস্ফোরক দাবি করেছেন। তার বক্তব্য, “কথিত সেফ হাউজে থাকা ছাত্র সমন্বয়কদের ওপর চাপ প্রয়োগ করা হয়েছিল, যাতে তারা ফেসবুকে একদফা সরকার পতনের ঘোষণা দেয় এবং আমাদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে। আমরা শুরু থেকেই বলেছি, ক্ষমতা সেনাবাহিনী বা সেনা-সমর্থিত কোনো গ্রুপের কাছে দেওয়া যাবে না। এতে দেশ আরেকটি ‘এক এগারো’র মুখোমুখি হবে।”
তিনি অভিযোগ করেন, “কল রেকর্ড ফাঁস, নজরদারি, চরিত্রহনন, অপপ্রচার— এমন কোনো চেষ্টা বাদ দেওয়া হচ্ছে না। মিথ্যার উপর ভিত্তি করে ক্ষমতা দীর্ঘস্থায়ী হয় না। যারা এই পথ অনুসরণ করছে, তারাও টিকবে না।”
২০২৪ সালের আগস্টের অভ্যুত্থানের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। ওই সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে নানা পক্ষের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছিল। নাহিদ ইসলামের সর্বশেষ এই পোস্টে সেই রাজনৈতিক টানাপোড়েন নতুন করে আলোচনায় এসেছে।
কীওয়ার্ডস:
নাহিদ ইসলাম, তারেক রহমান, জাতীয় সরকার প্রস্তাব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, BNP crisis