সোমবার, মে ২৫, ২০২৬

ইরানি পেট্রোলিয়াম বাণিজ্যে জড়িত থাকার অভিযোগে ৬ ভারতীয় কোম্পানির ওপর মার্কিন নিষেধাজ্ঞা

  • আন্তর্জাতিক ডেস্ক:
  • ২০২৫-০৭-৩১ ১৪:৪০:৪৯
ফাইল ছবি

ইরান থেকে পেট্রোলিয়াম ও পেট্রোকেমিক্যাল পণ্য কেনাবেচায় জড়িত থাকার অভিযোগে ছয়টি ভারতীয় কোম্পানির ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বুধবার (৩০ জুলাই) মার্কিন পররাষ্ট্র দপ্তর এ পদক্ষেপের ঘোষণা দেয়।
মার্কিন কর্তৃপক্ষ জানায়, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো ইরানের পেট্রোলিয়াম পণ্যের বিপণন ও কেনাবেচার জন্য গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক লেনদেনে ইচ্ছাকৃতভাবে অংশ নিয়েছে, যা যুক্তরাষ্ট্রের ইরানবিষয়ক নিষেধাজ্ঞা সরাসরি লঙ্ঘন করেছে।
নিষেধাজ্ঞার ফলে মার্কিন নিয়ন্ত্রণাধীন যে কোনো স্থানে এসব কোম্পানির সম্পদ ও স্বার্থ জব্দ থাকবে।
ভারতের অ্যালকেমিক্যাল সলিউশনস, গ্লোবাল ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যালস, জুপিটার ডাই কেম, রমনিকলাল এস গোসালিয়া অ্যান্ড কোম্পানি, পার্সিসটেন্ট পেট্রোকেম, এবং কাঞ্চন পলিমার্স—এই ছয় কোম্পানির নাম মার্কিন নিষেধাজ্ঞার আওতায় এসেছে।
অ্যালকেমিক্যাল সলিউশনস ২০২৪ সালের জানুয়ারি-ডিসেম্বরের মধ্যে ৮ কোটি ৪০ লাখ ডলার মূল্যের ইরানি পণ্য আমদানির অভিযোগে অভিযুক্ত।
গ্লোবাল ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যালস ২০২৪ সালের জুলাই থেকে ২০২৫ সালের জানুয়ারির মধ্যে ৫ কোটি ১০ লাখ ডলার মূল্যের পেট্রোকেমিক্যাল কিনেছে।
জুপিটার ডাই কেম-এর বিরুদ্ধে টলুইনসহ ৪ কোটি ৯০ লাখ ডলার মূল্যের ইরানি পণ্য আমদানির অভিযোগ রয়েছে।
রমনিকলাল এস গোসালিয়া অ্যান্ড কোম্পানি ২ কোটি ২০ লাখ ডলারের বেশি মূল্যের মিথানল ও টলুইন কেনার অভিযোগে অভিযুক্ত।
পার্সিসটেন্ট পেট্রোকেম ২০২৪ সালের শেষ প্রান্তিকে প্রায় ১ কোটি ৪০ লাখ ডলারের ইরানি পণ্য আমদানি করেছে।
কাঞ্চন পলিমার্স ১৩ লাখ ডলারের বেশি মূল্যের ইরানি পলিথিন পণ্য কিনেছে বলে অভিযোগ রয়েছে।
মার্কিন কর্মকর্তারা দাবি করেছেন, ইরান এসব পণ্য রপ্তানি থেকে যে রাজস্ব আয় করে তা মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা ও বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীকে অর্থায়নে ব্যবহৃত হয়।
ট্রাম্প প্রশাসনের বক্তব্য, “এই নিষেধাজ্ঞা শাস্তি নয়, বরং আচরণে ইতিবাচক পরিবর্তন আনার উদ্দেশ্যে নেওয়া পদক্ষেপ।”
দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, নিষেধাজ্ঞার আওতায় থাকা ভারতীয় কোম্পানিগুলো চাইলে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের স্পেশালি ডেজিগনেটেড ন্যাশনালস (এসডিএন) তালিকা থেকে নিজেদের নাম বাদ দেওয়ার জন্য আবেদন করতে পারবে।
ভারতের পাশাপাশি তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, চীন ও ইন্দোনেশিয়ার কিছু কোম্পানিকেও একই ধরনের নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে।

কীওয়ার্ডস:
ভারতীয় কোম্পানির ওপর মার্কিন নিষেধাজ্ঞা, ইরানি পেট্রোলিয়াম বাণিজ্য, যুক্তরাষ্ট্র ইরান নিষেধাজ্ঞা, ট্রাম্প প্রশাসনের নীতি, US sanctions India companies


এ জাতীয় আরো খবর