বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

এইচআরডব্লিউ’র প্রতিবেদন: মানবাধিকার রক্ষায় প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ ড. ইউনূসের সরকার

  • আন্তর্জাতিক ডেস্ক:
  • ২০২৫-০৭-৩১ ১২:৫৬:৩৮

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) এক প্রতিবেদনে বলেছে, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার মানবাধিকার রক্ষায় ঘোষিত প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছে। ২০২৪ সালের গণআন্দোলনের পর শেখ হাসিনার ১৫ বছরের দমনমূলক শাসনের অবসান ঘটলেও নতুন সরকারেও মানবাধিকার লঙ্ঘন, নির্বিচার গ্রেপ্তার ও রাজনৈতিক প্রতিশোধের ঘটনা অব্যাহত রয়েছে।
এইচআরডব্লিউ’র এশিয়া বিষয়ক উপপরিচালক মীনাক্ষী গাঙ্গুলি বলেন, “হাজার হাজার মানুষ যে আশায় গত বছর আন্দোলন করেছিল, সেই আশার পূর্ণতা এখনো আসেনি। নিরাপত্তা বাহিনীর সংস্কার হয়নি, বরং রাজনৈতিক প্রতিপক্ষের প্রতি প্রতিশোধপরায়ণতা বজায় রয়েছে।”
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালে গঠিত ১১টি সংস্কার কমিশনের কোনো সুপারিশ এখনো কার্যকর হয়নি। পুলিশ সংস্কার, বিচার বিভাগের স্বাধীনতা ও সংখ্যালঘু অধিকার রক্ষার মতো গুরুত্বপূর্ণ পদক্ষেপ ঝুলে আছে।
রংপুরে ২৬–২৭ জুলাই হিন্দু পল্লিতে ১৪টি ঘর ভাঙচুর এবং পার্বত্য চট্টগ্রামে সংখ্যালঘুদের ওপর সহিংসতার ঘটনাকে উদাহরণ হিসেবে উল্লেখ করেছে সংস্থাটি। এছাড়া উগ্র ধর্মীয় গোষ্ঠীর হুমকিতে নারী ও এলজিবিটি সম্প্রদায়ের নিরাপত্তা হুমকির মুখে।
এইচআরডব্লিউ জানিয়েছে, গত বছরের ৬ আগস্ট থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত ৯২ হাজারের বেশি মানুষের বিরুদ্ধে মামলা হয়, যার মধ্যে ৮ হাজারের বেশি হত্যা মামলা। অনেককে বিনা কারণে আটক রাখা হয়েছে, জামিন ও চিকিৎসা সুবিধা থেকেও বঞ্চিত করা হয়েছে। ফেব্রুয়ারির ‘অপারেশন ডেভিল হান্ট’-এ ৮ হাজারের বেশি আওয়ামী লীগ সমর্থককে গ্রেপ্তার করা হয়। সংস্থার মতে, এসব মামলা ও গ্রেপ্তার রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
যদিও সরকার গুম তদন্তে কমিশন গঠন করেছে এবং আন্তর্জাতিক গুম প্রতিরোধ কনভেনশনে স্বাক্ষর করেছে, এখন পর্যন্ত ১,৮০০ এর বেশি অভিযোগ জমা পড়লেও নিরাপত্তা বাহিনী সহযোগিতা করছে না। শেখ হাসিনার আমলের গুরুতর মানবাধিকার লঙ্ঘনের জন্যও কোনো জবাবদিহি হয়নি।
প্রতিবেদনে বিচারপতি ও পুলিশ বাহিনীর সংস্কার, র‍্যাব বিলুপ্তি, নারীর অধিকার সুরক্ষা এবং গ্রেপ্তার ও বিচার ব্যবস্থায় ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ইউনূস সরকারের প্রতি শর্তসাপেক্ষ সমর্থন এবং অপরাধে জড়িতদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার সুপারিশ করা হয়েছে।
মীনাক্ষী গাঙ্গুলি বলেন, “ড. ইউনূসের সরকার এখন বাস্তব ও স্থায়ী পরিবর্তন আনার মোড়ে দাঁড়িয়ে। যারা একসময় নিপীড়নের শিকার ছিল, তারা যেন আজ নতুন নিপীড়নের অংশীদার না হয়, সেটা নিশ্চিত করতে হবে।”

কীওয়ার্ডস:
মানবাধিকার_বাংলাদেশ HumanRightsBangladesh ড_ইউনূস HumanRightsWatch বাংলাদেশরাজনীতি


এ জাতীয় আরো খবর